আজকাল ওয়েবডেস্ক: জল্পনা ছিল, এবার তাঁর নামের পাশেই পড়ল সিলমোহর। রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন রাজীব কুমার। এই মুহূর্তে তিনি তথ্যপ্রযুক্তি দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব সামলাচ্ছেন। বর্তমান ডিজি মনোজ মালব্য বুধবারই অবসর গ্রহণ করছেন, তাঁর জায়গায় কে আসবেন, দিন কয়েক ধরেই তা নিয়ে জল্পনা ছিলই। বুধবার দেখা গেল, আস্থা রইল রাজীব কুমারেই। রাজ্য পুলিশের ডিজি হিসেবে তাঁকে বেছে নেওয়া, রাজীবের পুরনো ঘরে প্রত্যাবর্তন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এমনিতেই বাংলার প্রশাসনে এবং রাজনীতিতে রাজীব কুমার চর্চিত নাম। বুধবারই রাজ্য পুলিশের নতুন ডিজি হিসেবে তাঁর নামে ছাড়পত্র পড়ার পর, তৃণমূলের রাজ্য সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, " রাজীব কুমার একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝে কিছু বিষয় ঘটেছে, আমার সঙ্গেও নির্দিষ্ট কিছু কারণে দূরত্ব তৈরি হয়। কালীপুজোর দিনে আমাদের মুখ্যমন্ত্রীর বাড়িতে সৌজন্য বিনিময় হয়। উনি ডিজি পদে এসেছেন, ভাল খবর। উনি একজন দক্ষ আইপিএস। ভাল করে কাজ করুন, শুধু দেখবেন, আমার মতো কোনও নির্দোষকে কখনও কারও নির্দেশে বলি দিতে যাবেন না।"
Rajeev Kumar: রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন রাজীব কুমার
















