আজকাল ওয়েবডেস্ক: কোশী নদীর জল থেকেই ভাসছে উত্তরবঙ্গ। প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে এবার নেপালকে দুষলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার দুপুরে তিনি উত্তরবঙ্গের উদ্দেশে বিমান ধরেন।

 

কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, 'কোশী নদীর জলে বিহারেও এবার বন্যা পরিস্থিতি। ৫ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। আর বিহার হয়ে এরাজ্যে উত্তরের দিকটায় জল ঢুকছে। সংকোশ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় মালদায় বন্যা হচ্ছে।' 

 

 

উল্লেখ্য, মালদা সহ সমতল এবং পাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলে ডুবে গেছে। ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল এখনও স্বাভাবিক হয়নি। জলপাইগুড়ির অনেক এলাকাও জলমগ্ন।

 

 

উপকূলবর্তী এলাকার মানুষজন ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন। আগামী কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা পরিস্থিতি আরও খারাপ করার আশঙ্কা তৈরি করেছে। এই পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার ঝটিকা সফরে উত্তরবঙ্গ রওনা দিলেন মমতা। 

 

 

জানা গিয়েছে, বিকেলে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক করবেন। এদিন বিমান বন্দরে দাঁড়িয়ে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকেও আক্রমণ করেন তিনি। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পর হুগলি এবং পশ্চিম মেদিনীপুর সফর করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

 

মমতা দাবি করেন, 'বাংলার বন্যার জন্য কেন্দ্রের তরফ থেকে কেউ খোঁজও নিচ্ছে না। ফারাক্কা ব্যারাজের ঠিকমত যত্ন না নেওয়ার ফলে পলি জমে গেছে। সঙ্গে কমেছে জল ধারণের ক্ষমতাও। ঠিক করার জন্য কেউ আসেনি। ম্যান মেড বন্যায় রাজ্যের এই অবস্থা, পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার একটা টাকাও দেয়নি।'