মিল্টন সেন: পাঁচ বছরের সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে খুন করল স্বামী। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম মৈত্রী বারুই। অভিযুক্ত প্রসেনজিৎ বারুইকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন তাকে হেফাজতে চেয়ে শ্রীরামপুর হেফাজতে পেশ করা হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনার সময় ঘরে উপস্থিত ছিল দম্পতির তাঁর পাঁচ বছরের সন্তানও।
আওয়াজ শুনে ঘটনাস্থলে আসেন অভিযুক্তের বাবা পরিমল বারুই। গুরুতর আহত অবস্থায় মৈত্রীকে কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। অভিযুক্ত প্রসেনজিতের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল। গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবার সূত্রে খবর, রাজমিস্ত্রীর কাজ করতেন প্রসেনজিৎ। বছর সাতেক আগে বিয়ে করেন মৈত্রীকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রথমে দাবি করেছিল ওই আগ্নেয়াস্ত্র সে কুড়িয়ে পেয়েছে।
পরে আবার বয়ান পাল্টে জানায়, মাস দুয়েক আগে ন’পাড়া এলাকায় একটি বাড়িতে কাজ করতে গিয়ে অস্ত্রটি পেয়েছিল সে। সেটি বের করে নাড়াচাড়া করার সময় গুলি ছুটে যায়। পুলিশ বক্তব্যের সত্যতা খতিয়ে দেখছে।বিবাহ বহির্ভূত কোনও সম্পর্কের জেরে এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত এবং মৃত স্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকে সূত্র মিলতে পারে বলে অনুমান পুলিশের। তবে মৃতার শ্বশুরের দাবি, তাঁর ছেলে বৌমার সুখের সংসার ছিল।
ছবি: পার্থ রাহা
















