আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্রনাথের নামবিহীন বিতর্কিত ফলক এখনও সরাল না বিশ্বভারতী। যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বিতর্কিত ফলক না সরানোয় ফের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বুধবার রাজভবনে সাংবাদিকদের সামনে রাজ্যপাল বলেন, 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোনও আপস মেনে নেওয়া যায় না। যাঁরা জাতীয় সঙ্গীত গেয়েছেন, তাঁদের কাছে গুরুদেব এক আবেগ। বিশ্বভারতীতে নিয়ম ভাঙা হয়েছে। রবীন্দ্রনাথের স্মৃতি মোছার চেষ্টা চলছে। যা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।' রাজ্যপাল এও জানান, উপাচার্যকে আবারও তিনি চিঠি পাঠিয়েছেন। চিঠির উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর শান্তিনিকেতনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ স্বীকৃতি দেয় ইউনেস্কো। এরপরেই রবীন্দ্রভবন, উপাসনা গৃহ, গৌরপ্রাঙ্গণ–সহ নানা জায়গায় বসেছে নতুন শ্বেতপাথরের ফলক। যেখানে আচার্য হিসেবে নরেন্দ্র মোদি এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও রবীন্দ্রনাথের নাম নেই। যার জন্য গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে শান্তিনিকেতনে আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই নির্দেশ মতো শুক্রবার থেকে রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে আন্দোলনে সামিল হয়েছেন তৃণমূলের মন্ত্রী, বিধায়করা।