আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল গতকাল ৯ই ফেব্রুয়ারি দিল্লি রওনা দেন জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের কারণে। কমিশন সূত্রে খবর, তিনি মূলত দিল্লি রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া কত দফায় হবে এবং তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে, কেন্দ্রীয় বাহিনীর কী ব্যবস্থা থাকবে ও একই সঙ্গে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করতে৷ সেসব নিয়েই আজ ১০ই ফেব্রুয়ারি আলোচনা হওয়ার কথা ছিল। সেই মত আলোচনা হয় জাতীয় নির্বাচন কমিশনের তিনজন ফুল বেঞ্চের সঙ্গে। কমিশন সূত্রে খবর, আজ ১০ই ফেব্রুয়ারি এই আলোচনায় মূলত একটা বিষয় উঠে আসে, তা হল 'পশ্চিমবঙ্গে কত দফায় নির্বাচন হবে'। অর্থাৎ ভোট কত দফায় হবে। একইসঙ্গে আজকের আলোচনায় ওঠে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচন করাতে চাইছেন ৩ অথবা ৪ দফায়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এক দফায় নির্বাচন চাইলেও জাতীয় নির্বাচন কমিশন তাতে সম্মতি প্রকাশ করছেন না।

মূলত এই তিন অথবা চার দফার ভোটে কোন কোন ভাগে হবে! 

দফা ১- উত্তরবঙ্গ 

দফা ২ ও ৩- দক্ষিণবঙ্গ দুই ভাগে। 

এবং চতুর্থ দফায় হলে দক্ষিণবঙ্গকে তিন ভাগে বিভক্ত করা হতে পারে। 

দফা ৪ - রাঢ়বঙ্গ (পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আসানসোল ও দুর্গাপুর)। এই বিভাজনের মাধ্যমেই পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচন হতে পারে বলে কমিশন সূত্রে খবর।

যদিও এ বিষয়ে সিইও মনোজ আগরওয়াল পূর্বেই জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে তিনি এক দফায় নির্বাচন করাতে প্রস্তুত। এদিকে জাতীয় নির্বাচন কমিশন সম্মতি না দিলে তা কোনওভাবে সম্ভব নয়। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "রাজ্যের আইন শৃংখলা এবং কেন্দ্রীয় বাহিনীর উপযুক্ত ব্যবস্থা না করতে পারলে এক দফায় নির্বাচন সম্ভব নয়, যদিও সিইও এক দফায় করানোর পক্ষপাতী।" 

কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে তিন অথবা চার দফায় নির্বাচন হওয়ার কথাই উঠে আসছে। যদিও এ বিষয়ে কোনও লিখিত নির্দেশনা বা কিছু জারি করেনি জাতীয় নির্বাচন কমিশন।

পাশাপাশি নির্বাচন কমিশন নির্দেশ নামা জারি করে জানিয়ে দিয়েছেন যে, আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন চূড়ান্ত বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার তালিকা প্রকাশ করতে চলেছেন। সূত্রের খবর, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর আগামী ২-৩ মার্চ এর মধ্যে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটের দিনক্ষণ ঘোষণা করবে। পাশাপাশি সেই দিনই কমিশন জানিয়ে দেবে পশ্চিমবঙ্গের ভোট পর্ব কত দফায় হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোট পর্ব কত দফায় হবে এবং কবে হবে তা নিয়ে একটি বড় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। কারণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ই মে। তারই মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া এবং সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই এই সময়কালীন এর মধ্যে ভোট পর্ব শেষ করা এবং তার সুষ্ঠু পরিচালনা নিয়েই একপ্রকার উৎকণ্ঠা ও শাসক দলসহ সকল রাজনৈতিক দলগুলির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বঙ্গ রাজনীতিতে।

এখন জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বঙ্গ রাজনীতিতে প্রত্যাবর্তন না পরিবর্তন আসে, তার অপেক্ষাতে দিন গুনছে বাংলার আপামর জনসাধারণ। অন্যদিকে, চূড়ান্ত ভোটার তালিকায় কাদের নাম থাকবে এবং কত পরিমান নম্বর যাবে, সংশয় তা নিয়েও। এই তালিকা প্রকাশের উপর ভিত্তি করে আগামী বিধানসভা নির্বাচনের মান ও পরবর্তী সরকার কোন দিকে যায়, আপাতত এটিই বড় বিষয় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।