মিল্টন সেন: হুগলির চন্দননগরে শুক্রবার সংগঠনের বৈঠক শেষে রাজ্য কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিল, আসন্ন বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস একাই লড়বে।

হুগলি জেলা ১ সাংগঠনিক বিভাগের বিএলএ-টু কর্মীদের নিয়ে বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং দলের রাজ্য পর্যবেক্ষক গুলাম মীর জানান, জোট রাজনীতিতে অতীতে দলের কোনও লাভ হয়নি, তাই এবার ‘একলা চলো’ নীতিতেই অটল থাকবে কংগ্রেস।

নেতৃত্বের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট করে লড়েও কংগ্রেস একটি আসনও পায়নি। তৃণমূল-বিজেপি মেরুকরণের মাঝে জোটের সমীকরণ মাঠপর্যায়ে কার্যকর হয়নি বলে মনে করছেন দলীয় কর্মীরা।

গ্রাম ও মফস্বলে দীর্ঘদিন ধরে হাত চিহ্নে ভোট দেওয়া সমর্থকদের একাংশ জোটে বিভ্রান্ত হয়েছিলেন বলেও অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে, অনেক ক্ষেত্রে কংগ্রেস কর্মীরা বাম প্রার্থীকে ভোট দেননি, আবার বাম সমর্থকরাও অনেক ক্ষেত্রে কংগ্রেস প্রার্থীর পাশে দাঁড়াননি, ফলে ভরাডুবি হয়েছে জোটের।

দলীয় সূত্রে জানা গেছে, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনাতেও রাজ্য নেতৃত্ব একক লড়াইয়ের পক্ষে মত জানিয়েছে। সেই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই তৃণমূল স্তরে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে দাবি নেতাদের।

জেলার বিভিন্ন বিধানসভা এলাকার সক্রিয় কর্মীরা বৈঠকে অংশ নিয়ে জানান, জয়-পরাজয় যাই হোক, একা লড়াই করলে সংগঠন শক্তিশালী হবে এবং পুরোনো কর্মীরাও আবার সক্রিয় হয়ে উঠবেন।

গত নির্বাচনে শূন্য হাতে ফিরেছিল কংগ্রেস। এবার এককভাবে লড়ে কতটা সাফল্য পায়, তা অবশ্য সময়ই বলবে।