আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। ধূপগুড়ি এলাকার ঘটনা। এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।
শুক্রবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের পাটকিদাহ এলাকায়। মৃত কিশোরের নাম সাবিব আহমেদ ওরফে রনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, তীব্র দাবদাহের জন্য বাড়ির পার্শ্ববর্তী জলঢাকা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নামে সাবিব। আচমকাই জলের স্রোতে তলিয়ে যায়। বিষয়টি বন্ধুদের নজরে আসতেই তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তড়িঘড়ি নদীতে নেমে রনির খোঁজ চালায় পরিবারের সদস্য সহ এলাকাবাসী। প্রায় এক ঘণ্টা ধরে খোঁজ চালানোর পর নদীর একটি ধার থেকে সাবিবকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিকটবর্তী ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সাবিবকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।
খবর পেয়ে হাসপাতালে আসে ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ তাদের হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরিবারের এক সদস্য সফিকুল ইসলাম বলেন, বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে আমার মামাতো ভাই নদীতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে।
















