আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে মালদায় মৃত্যু হল ১১ জনের। মৃতদের মধ্যে রয়েছে তিন নাবালক, দুজন যুবক এবং একজন প্রৌঢ়াও। জানা গিয়েছে, বৃষ্টির সময় বাগানে আম কুড়োতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। প্রৌঢ়ার মৃত্যু হয়েছে জমিতে ধান কাটতে গিয়ে। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। পাশাপাশি, সমস্ত রকমের সরকারি সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, এদিনের বৃষ্টিতে মালদার সাহাপুরে এক নাবালক সহ তিন জনের মৃত্যু হয়েছে।গাজোলের আদিনাতেও মৃত্যু হয়েছে একাদশ শ্রেণির এক ছাত্রের। মানিকচক ব্লকেও প্রাণ গিয়েছে দুই নাবালক ও এক বৃদ্ধের। হরিশ্চন্দ্রপুরেও এক দম্পতির মৃত্যু হয়েছে বজ্রপাতে। পূর্ব কুস্তরিয়া গ্রামে পাটের জমিতে কাজ করছিলেন তাঁরা। সেই সময় বজ্রপাতে মৃত্যু হয় তাঁদের। ইংরেজবাজার থানা এলাকায় মৃত্যু হয়েছে পঙ্কজ মণ্ডল নামে এক ব্যক্তির। এছাড়াও বেশ কয়েকজনের আহত হওয়ারও খবর শোনা গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, আহতদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।