সংবাদ সংস্থা মুম্বই: রীমা লাগুর প্রাক্তন স্বামী ও বর্ষীয়ান হিন্দি-মারাঠি অভিনেতা-পরিচালক বিবেক লাগু প্রয়াত। ১৯ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল ৭৪ বছর।
যদিও প্রাক্তন স্ত্রী রীমা লাগুর মতো বলিউডে পরিচিত মুখ হয়ে ওঠেননি তিনি, মারাঠি থিয়েটারে তাঁর অবদান ছিল অপরিসীম। ‘আগলি’, ‘হোয়াট এবাউট সাভারকর’, ‘গোদাবরী নে কে কেলে’, ‘৩১ দিবস’-এর মতো একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। রীমা এবং বিবেকের আলাপ ১৯৭৬ সালে এক ব্যাঙ্কে। দু’বছরের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। পরে নিজেদের জীবন "পুনর্গঠন" করার সিদ্ধান্তে আলোচনা করে আলাদা হয়ে যান। তবে সম্পর্কের রেশ ছিন্ন হয়নি। রীমার মৃত্যু পর্যন্ত তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল।
বিবেক লাগুর শেষকৃত্য শুক্রবার (২০ জুন) মুম্বইয়ের ওশিওয়ারা শ্মশানে সম্পন্ন হবে। তিনি রেখে গেলেন তাঁদের একমাত্র কন্যা মৃণ্ময়ী লাগু ওয়ৈকুলকে— যিনি নিজেও আজ স্বনামধন্য লেখিকা। ‘থাপ্পড়’ ও ‘স্কুপ’-এর মতো চর্চিত চিত্রনাট্য তাঁর কলমে।
ইনস্টাগ্রামে বাবার উদ্দেশে শেষবারের মতো আবেগঘন শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন মৃণ্ময়ী - “আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি… এবার বিদায় বলার সময়। আমার বাবা, আমার সবচেয়ে বড় বন্ধু, আমার পথপ্রদর্শক, আমার সবচেয়ে বড় ফ্যান— তোমায় ভীষণ মিস করব। একজন মেয়ের যা কিছু প্রাপ্য, তুমি তা সবটাই দিয়েছ।”
একদিকে রীমা লাগু স্মৃতির পাতায় অমর, অন্যদিকে বিবেক লাগু শান্ত ভাবে মঞ্চের আলোয় নিজের ছাপ রেখে চিরবিদায় নিলেন।
















