প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তি নিয়ে চলা আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মোড়। করিশ্মার সন্তানদের সম্পত্তি মামলা নয়া মোড় নিতেই সোশ্যাল মিডিয়ায় রহস্যময় বার্তা দিলেন করিনা কাপুর৷
দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, আইনি লড়াই চলাকালীন সঞ্জয় কাপুরের আনুমানিক ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং তা "নষ্ট" করা যাবে না।
সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব এবং প্রাক্তন স্ত্রী কারিশমা কাপুরের সন্তানদের নিয়ে সম্পত্তির ভাগ বাঁটোয়ারা সংক্রান্ত মামলা চলছিল৷ দিল্লি হাইকোর্টের নির্দেশের পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে কারিনা লিখেছেন, "আলো আছে। ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে।"
আদালত নির্দেশ দিয়েছে, মামলা চলাকালীন সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন না। সঞ্জয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও টাকা তোলা যাবে না৷
আদালতের পর্যবেক্ষণ, সঞ্জয় কাপুরের নামে প্রচলিত দলিলের সত্যতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে৷ এই সন্দেহ নিরসনের দায়িত্ব প্রিয়া সচদেবের ওপর বর্তায়।
আদালত আরও উল্লেখ করেছে যে, সন্তান কিয়ান ও সামাইরা কাপুর যে মামলা করেছেন তা আপাতদৃষ্টিতে গ্রহণযোগ্য। যদি পরবর্তীতে উইলটি জাল প্রমাণিত হয়, তবে ব্যবস্থা গ্রহণ করা হবে৷
কিয়ান ও সামাইরা কাপুর অভিযোগ করেছেন, তাদের বাবার উইল জাল করা হয়েছে৷ প্রিয়া সচদেব সম্পত্তির একটি অসম্পূর্ণ তালিকা জমা দিয়েছেন বলেও অভিযোগ। তাঁদের দাবি অনুযায়ী, বেশ কিছু মূল্যবান সম্পদ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
৫৩ বছর বয়সী সঞ্জয় কাপুর ২০২৫ সালের ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় মারা যান। হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়, মৃত্যুর নেপথ্যে অ্যানাফিল্যাকটিক শকের কথাও উঠেছিল। এমনকি তাঁর মা তাঁর মৃত্যুর পেছনে একটি 'আন্তঃরাষ্ট্রীয় ষড়যন্ত্রের' ইঙ্গিতও দিয়েছিলেন।
তবে, ব্রিটিশ চিকিৎসা কর্তৃপক্ষ পরে আগস্ট মাসে নিশ্চিত করে যে তিনি স্বাভাবিক কারণে মারা গেছেন। কোনও ষড়যন্ত্র হয়নি।















