আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের কোনও ধরনের বিমানই আর ভারতের আকাশসীমা ব্য়বহার করতে পারবে না। এনওটিএএম (নোটিশ টু এয়ার মিশন) জারি করে বুধবার রাতে এই ঘোষণা করেছে কেন্দ্র। এনওটিএএম অনুসারে, পাকিস্তানে নথিভুক্ত বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর মধ্যে বাণিজ্যিক বিমান সংস্থা এবং সামরিক বিমানও অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৫ সালের ৩০ এপ্রিল থেকে ২৩ মে এই পদক্ষেপ কার্যকর হবে।
পহেলগাঁওয়ে হামলার পর পরই পাকিস্তানের তরফে ভারতীয় বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি নয়াদিল্লির সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় পাকিস্তানি বিমান সংস্থাগুলি ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছিল। এসবের মধ্যেই ইসলামাবাদকে সায়েস্তা করতে এবার আরও এক পাল্টা পদক্ষেপ করল নয়াদিল্লি।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দুষেছে ভারত। তার পর পরই, নয়াদিল্লি কড়া পদক্ষেপ হিসাবে সিন্ধু জল চুক্তি স্থগিত করার ঘোষণা করেছে। আটারি-ওয়াঘা সীমান্তে সমন্বিত চেক পোস্টও বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বৈধ কাগজপত্র নিয়ে ভারতে প্রবেশকারী পাকিস্তানি নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে এ দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত ভিসা বাতিল করা হয়েছে এবং সার্ক ভিসা নিয়েও কোনও পাক নাগরিক ভারতে আসতে পারবেন না।
এবার সেই কড়া পদক্ষেপের তালিকায় যুক্ত হল পাক বিমানের জন্য ভারতীয় আকাশসীমা বন্ধের ঘোষণা।
















