আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় বিবাদ খোদ 'দিদি'র সঙ্গে। দিল্লিতেও বিপাকে সাংসদ। সূত্রের খবর, দিনকয়েক আগে, কল্যাণের বিরুদ্ধে কাকলি ঘোষ দস্তিদার, অর্থাৎ এক সময়ের সহকর্মী এবং এখন বিদ্রোহী শিবিরের, এনসিপিআই-এর সাংসদ অভিযোগ করেছিলেন। অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে দুর্ব্যবহারের। সূত্রের খবর, মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে শাস্তি কল্যাণ ব্যানার্জিকে। লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে।
সূত্রের খবর, সিদ্ধান্তটি ঘোষণার সময় প্রিসাইডিং অফিসার কৃষ্ণ প্রসাদ তেনেটি বলেন কল্যাণের মন্তব্য "কক্ষের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে"। তাঁকে সমগ্র বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়। সাসপেন্ডের পর, কল্যাণকে রীতিমতো ক্ষুব্ধ দেখা যায় সংসদ কক্ষের বাইরে।
উল্লেখ্য, দিনকয়েক আগে, লোকসভার স্পিকারকে চিঠি লিখে কাকলি স্পষ্ট অভিযোগ করেছিলেন, লোকসভার ভিতরে কল্যাণ ব্যানার্জি বারবার তাঁকে মুখে মুখে হেনস্থা ও অপমান করেছেন। এই ঘটনার বিচার চেয়ে তিনি স্পিকারের কাছে নালিশ করার অনুমতি চেয়েছিলেন। চিঠিতে কাকলি লিখেছিলেন, “এই রকম 'নারীবিদ্বেষী' আচরণ আরও অনেক মহিলা সাংসদের সঙ্গেই করা হয়েছে। এর শাস্তি হওয়া দরকার।”
















