আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন আর্জেন্টাইন বিশ্বকাপ খেলা এজেকিয়েল লাভেজ্জি তাঁরই পরিবারের এক সদস্যের ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ । পেটে ছুরিকাঘাতে আহত লাভেজ্জিকে গুরুতর অবস্থায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম । আর্জেন্টিনার হয়ে ৫১ ম্যাচে ৯ গোল করেছেন লাভেজ্জি। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন এই তারকা ফুটবলার। ২০১৯ সালে ফুটবলকে বিদায় জানান তিনি। এরপর থেকে পরিবারকে নিয়ে উরুগুয়েতে থাকেন লাভেজ্জি। 
আর্জেন্টিনার গণমাধ্যমের দাবি, নিজের বাড়িতেই ক্রিসমাসের আয়োজন উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন লাভেজ্জির পরিবারের অনেকে। সেখানেই পেটে ছুরিকাঘাতে আহত হন লাভেজ্জি। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পরিবারের সঙ্গে পার্টিতে ছিলেন লাভেজ্জি। এ সময় তাঁর সঙ্গে প্রেমিকাও ছিলেন। পার্টিতেই পরিবারের কেউ তাঁকে ছুরিকাঘাত করেন।
তবে লাভেজ্জির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, প্রাক্তন আর্জেন্টাইন এই ফুটবলারকে কেউ ছুরিকাঘাত করেনি। মই থেকে পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন।