সংবাদ সংস্থা মুম্বই: রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর গানকে নিয়ে অসম্মান ও অশালীন ঠাট্টা করার অভিযোগে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর নির্মাতাদের আইনি নোটিস পাঠিয়েছে বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশন নামে একটি দল।
খবর, সলমন খানকেও নাকি এই একই কারণে আইনি নোটিস ধরিয়েছেন তাঁরা। জল্পনা বাড়তে থাকে দ্রুত। এবং তা এতটাই বাড়াবাড়ির পর্যায় চলে যায় যে সলমনের টিমের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, নেটফ্লিক্সের কপিলের শো-এর সঙ্গে সলমনের কোনও সম্পর্ক নেই। এই শো-এর প্রযোজনা, নির্মাতা কোনওকিছুর সঙ্গে যুক্ত নেই 'টাইগার'। এবং বলি-তারকাকে আইনি নোটিস পাঠানো হয়েছে, এই খবরের মধ্যে বিন্দুমাত্র কোনও সত্যতা নেই। সম্পূর্ণ ভুয়ো।
কিছুদিন আগে এই প্রসঙ্গে সমাজমাধ্যমে সোচ্চার হয়েছিলেন কবি শ্রীজাত। তিনি যে গোটা ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ, তা দ্ব্যর্থহীন ভাষায় ফেসবুকে লিখেছিলেন 'উড়ন্ত সব জোকার' কাব্যগ্রন্থের কবি। শুধু তাই নয়, ‘একলা চলো রে’ গানটি নিয়ে অশালীন ঠাট্টা করার জন্য কপিল শর্মা এবং এই শো কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছিলেন শ্রীজাত। আর সেটা না হলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি!
















