আজকাল ওয়েবডেস্ক: হেমন্তের সন্ধে, শীত এখনও সেভাবে জাঁকিয়ে পড়েনি শহরে। শীতের মুখে শহরে বসেছিল কবিতার আসর। গত কয়েক বছরের মতোই এবারেও ২৪ থেকে ২৬ নভেম্বর, তিনদিন ধরে কলকাতার বুকে হয়ে গেল ষষ্ঠতম আন্তর্জাতিক কবিতা উৎসব-চেয়ার পোয়েট্রি ইভনিংস। সাবিন ভেনারুজ্জো, আমির অর, অ্যানি ফিঞ্চ, দিতি রনেন, ডমিনিক ডি গ্রোয়েন, ইদুনা পালম্যান, মেরি জিন চ্যান সহ ৮ দেশের কবি-চিন্তাবিদরা উপস্থিত হয়েছিলেন, তাঁদের কথা শুনতে হাজির হয়েছিলেন বহু পাঠক। ভারতীয় ভাষা পরিষদে এই কবিতার আসর বসে। এছাড়া একাধিক জায়গায় নানা অনুষ্ঠান হয়, যার মধ্যে অন্যতম হুগলি নদীর উপর হওয়া "পোয়েট্রি অন দ্য ক্রুজ।" বিদেশী কবিদের সঙ্গেই কবিতা উৎসবে উপস্থিত ছিলেন, মণি রাও, রবিন এনগাঙ্গম, সরবজিৎ গড়চা, দীপিকা মুখার্জি, মন্দাক্রান্তা সেন, উদয়ন বাজপেয়ী, শুভব্রত ব্যানার্জি এবং স্বামী অন্তর নীরব। কবিতা উৎসবেই প্রকাশিত হয় চেয়ার পোয়েট্রি বই। চেয়ার লিটারেরি ট্রাস্টের এই উদ্যোগ সফল করতে সহযোগিতার হাত বাড়িয়েছে ডাচ ফাউন্ডেশন ফর লিটারেচার, বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স, , লুক্সেমবার্গ কালচারাল ইনস্টিটিউট, আলিয়ঁস ফ্রাসে, স্যামিলটন হোটেল এবং ভিভাদা ক্রুজ প্রাইভেট লিমিটেড। বিশিষ্ট কবি এবং এই উৎসবের পরিচালক সনেট মণ্ডল বলেন, মানবতার জন্য কবিতা এবং শিল্পের পৃষ্ঠপোষকতা আবশ্যক।