সংবাদসংস্থা মুম্বই: ৫ জুলাই ওটিটি-তে মুক্তি পাবে 'মির্জাপুর' সিজন ৩! যা নিয়ে অনেক দিন ধরেই মুখিয়ে অনুরাগীরা। কী হবে গুড্ডু ভাইয়ার? কালীন ভাইয়া কী করবেন শেষে? এই সব জানতে উৎসাহের শেষ নেই। এসবের মধ্যেই বিজয় ভার্মা মুখ খুললেন সিরিজে শ্বেতা ত্রিপাঠীর সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে। পর্দায় যাঁরা 'ছোটে ত্যাগী' আর 'গোলু'! বিগত সিজনের পরে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল, ত্যাগী বেঁচে আছে কী নেই? সম্প্রতি ভার্মার মন্তব্য আশ্বস্ত করেছে অনুরাগীদের। উন্মাদনা বাড়িয়েছে, অভিনেতার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মন্তব্য।
বিজয় জানিয়েছেন, প্রথম সিজনে যেভাবে 'ছোটে ত্যাগী' এবং 'গোলু'কে দেখা গিয়েছিল নতুন সিজনে তাঁরা ধরা দেবেন সম্পূর্ণ নতুন ভাবে। একটা সোজাসাপ্টা ছেলে, যে নিঃশব্দে খুন করে, সে-ও অন্তরে লালন করে একটি প্রেমিক মন। অন্যদিকে, মিষ্টি স্বভাবের একটি মেয়ে যে লুকিয়ে লাইব্রেরিতে কামসূত্রের বই পড়ে। এই দুটো মানুষ যখন প্রেমে পড়ে তখন কী হতে পারে? অভিনেতার কথায়, 'সেটাই রহস্য। এই সিরিজে কাজ করা আমার কাছে অসাধারণ একটি অভিজ্ঞতা। এখানে আমাদের সম্পর্ক যেভাবে পর্দায় দেখানো হয়েছে মানুষ অনেক কিছু জানতে পারবেন সম্পর্ক নিয়ে।''
কিন্তু অন্তরঙ্গ দৃশ্যের শুটিং কীভাবে হয়েছে? রীতিমতো নাকি ওয়ার্কশপ করেছেন দুই অভিনেতা! ভার্মার কথায়, ''শুটিং ফ্লোরে একজন কো-অর্ডিনেটর ছিলেন। খুব কম মানুষ ছিলেন সেই সময়ে। সবটাই স্ক্রিপ্টেড ছিল। কতটুকু ছোঁয়া যাবে, সেটিও বুঝিয়ে দেওয়া হয়েছিল আগে থেকেই।''