বলিপাড়ায় প্রায়ই দুই তারকার মধ্যে সুসম্পর্কের নজির দেখা যায়৷ কখনও একে অপরের কাজের প্রশংসা করেন, আবার কখনও বিপদে পড়লে পাশে দাঁড়ান। সম্প্রতি নিজের বলিউডে টিকে থাকার নেপথ্যে রণবীর সিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ম্রুণাল ঠাকুর। 

রণবীরের ‘ধুরন্ধর ২’  ইতিমধ্যে বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকার বক্স অফিস সাফল্য কুড়িয়েছে। এরই মাঝে রণবীরকে নিজের ‘লাকি চার্ম’ বা সৌভাগ্যের প্রতীক বললেন ম্রুণাল। তাঁর কথায়, আজ তিনি সিনেমার জগতে যে অবস্থানে রয়েছেন, তার পেছনে রণবীর সিংয়ের বড় ভূমিকা রয়েছে।

সাম্প্রতিক সাক্ষাৎকারে ম্রুণাল বলেন, “রণবীর সিং-ই সেই কারণ যার জন্য আজ আমি এই ইন্ডাস্ট্রিতে টিকে আছি।” তাঁর এই মন্তব্যের নেপথ্যে রয়েছে এক পুরোনো স্মৃতি। মৃণাল জানান, কেরিয়ারের শুরুতে তিনি যখন মডেলিং করতেন, তখন একটি হেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনে রণবীরের সঙ্গে কাজ করার সুযোগ পান। সেই বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পরেই মূলত চলচ্চিত্র নির্মাতাদের নজরে আসেন অভিনেত্রী। তাঁর কথায়, “সেই কমার্শিয়ালটি যখন পর্দায় এল, তখনই নির্মাতারা আমাকে লক্ষ্য করতে শুরু করেন। আমি আমার সাফল্যের কৃতিত্ব রণবীরকে দিই কারণ সেই সময় ও আমাকে সত্যি খুব সাহায্য করেছিল।”

রণবীরের ব্যক্তিত্ব ও কাজের প্রশংসায় পঞ্চমুখ ম্রুণাল 'হামজা'-কে খুবই ইতিবাচক মানুষ হিসেবে বর্ণনা করেন। ‘ধুরন্ধর ২’ ছবিতে রণবীরের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, “আমি পর্দায় রণবীর সিংকে দেখিনি, শুধু ‘হামজা’ (চরিত্রের নাম) চরিত্রটিকে দেখেছি। তাঁর অভিনয় ছিল সকলের মন ছুঁয়ে গিয়েছে। একজন নায়ক নয়, বরং চরিত্রের গভীরে ঢুকে তিনি কাজ করেছেন।” রণবীরের কঠোর পরিশ্রমের প্রশংসা করে ম্রুণাল আরও বলেন যে, রণবীর তাঁর জীবনের প্রতিটি সাফল্যের দাবিদার এবং তিনি প্রার্থনা করেন যেন অভিনেতার সব কাজই ব্লকবাস্টার হয়।

ম্রুণাল ঠাকুর বর্তমানে তাঁর আগামী ছবি ‘ডাকাত’ -এর মুক্তির অপেক্ষায় রয়েছেন, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আদিভি শেষ ও অনুরাগ কাশ্যপ। আগামী ১০ এপ্রিল সেই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 অন্যদিকে, রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করে চলেছে, যা দেখে গর্বিত তাঁর সহকর্মী ও অনুরাগীরা। ম্রুণালের এই স্বীকারোক্তি আবারও প্রমাণ করল যে বলিউডে পারস্পরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধ এখনও কতটা গভীর।