আজকাল ওয়েবডেস্ক: অবশেষে মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। ১০ মে ছিল সেনা সরিয়ে নেওয়ার শেষ দিন। এর মধ্যেই সব সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
দ্বীপরাষ্ট্রে মোতায়েন থাকা ৮৯ ভারতীয় সেনাকর্মীই দেশে ফিরে এসেছেন। উল্লেখ্য, নির্বাচনে জেতার পরই দেশ থেকে ভারতীয় সেনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে একাধিকবার বলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। বিগত কয়েকবছর ধরে মালদ্বীপে ৮০ জন ভারতীয় সেনা সদস্য কর্মরত ছিলেন। মালদ্বীপে থাকা দুটি ভারতীয় হেলিকপ্টার এবং একটি বিমান পরিচালনা করতেন তারা।
তবে প্রেসিডেন্ট মুইজ্জুর প্রথম সিদ্ধান্তই ছিল, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরাতে হবে। তার পরেই গত ২ ফেব্রুয়ারি এই নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়। সেই চুক্তিতে বলা হয়, মালদ্বীপ থেকে ৮৯ জন ভারতীয় জওয়ান ও তাঁদের সহযোগীদের সরাতে হবে ১০ মে-র মধ্যে।