আজকাল ওয়েবডেস্ক: জেরা শুরুর আগে স্বাস্থ্যপরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হল রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, রেশন বন্টন দুর্নীতি মামলায় গত শুক্রবার ভোর রাতে ইডি গ্রেপ্তার করে জ্যোতিপ্রিয় মল্লিককে। সেদিনই জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে আদালতে তোলা হয়। কিন্তু শুনানি চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। আদালত তাঁকে নিজের পছন্দের হাসপাতালে ভর্তির পাশাপাশি ইডি হেফাজতের নির্দেশ দেয়। এরপর বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জ্যোতিপ্রিয়কে। সোমবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। মঙ্গলবার এক দফা জিজ্ঞাসাবাদ চলে। ইডি সূত্রে খবর, জেরায় জ্যোতিপ্রিয় দাবি করেছেন সবটা তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক জানেন। তিনি কিছুই জানেন না। এরপর বুধবার ফের তাঁকে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্যপরীক্ষার জন্য। তাঁর শরীরের পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে ইডি। স্বাস্থ্যপরীক্ষা শেষে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।
Ration Distribution Case: জেরার আগে স্বাস্থ্যপরীক্ষার জন্য জ্যোতিপ্রিয়কে নিয়ে যাওয়া হল কমান্ড হাসপাতালে
















