আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি আইসিসি-কে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রাখলেন। 

পাকিস্তান জানিয়েছে, তারা বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের বিরুদ্ধে খেলবে না। এই প্রেক্ষিতে ভারতের প্রাক্তন ক্রিকেটাররা মনে করছেন, পাকিস্তান নাটক করছে। তার ঠিক খেলবে। 

অন্যদিকে কেউ কেউ আবার মনে করছেন, আইসিসি-র অর্থ রোজগারের শিকড় ধরেই টান দিয়েছে পাকিস্তান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি-র 'দ্বিচারিতা' নিয়ে সমালোচনা করেন। 

ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলছেন, ''ভারত শুরু করেছে বিষয়টা। হাত মেলানো বাধ্যতামূলক নয় বুঝলাম। ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি। এবিষয়ে আমি কিছু বলছি না। কিন্তু এশিয়া কাপ জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে ভারত রাজি-ই হয়নি। ভারতের ট্রফিটা  নেওয়া উচিত ছিল। ভারত নেয়নি, কারণ ভারত সরকার অনুমতিই দেয়নি। এখন আমাদের সরকার যখন ভারত ম্যাচ বয়কট করতে বলেছে, তখন আমরা হঠাৎ করে খারাপ হয়ে গেলাম?'' 

অতীতের উদাহরণ টেনে বাসিত বলছেন, ''১৯৯৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া তাদের ম্যাচগুলো ফরফিট করেছিল। দুই পয়েন্ট কাটা ছাড়া আর কোনও শাস্তি কি দেওয়া হয়েছিল? ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ খেলেনি, তাদের কি কোনও অতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছিল? আর এখন বলা হচ্ছে পাকিস্তান দলকে নাকি নিষিদ্ধ করা হবে। করে দেখাক!''

এদিকে আগে বাসিত বলেছিলেন,  ''পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, তাহলে সম্প্রচারকারীরা রাস্তায় বসবে। একেবারে দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান যদি নাই খেলে তাহলে তার জায়গায় কে খেলবে? ভারতের প্রতিপক্ষ পাকিস্তান না হয়ে অন্য কোনও দেশ হলে সেই ম্যাচে কি ভারত-পাকিস্তান ম্যাচের মতো দর্শক আসবে?''

বাসিতের যুক্তি, ভারত-পাক ম্যাচ মানেই বিশাল সংখ্যক দর্শক ও অর্থ। আইসিসি-র কোষাগার ভরাট হয় এই ম্যাচ থেকেই। সেই টেনশনের ম্যাচই যদি না হয়, তাহলে সম্প্রচারকারীরা বড় ক্ষতির মুখে পড়বে।