আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। জ্বলন্ত ফর্মে আছেন ঈশান কিষাণ। টি-২০ বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা নিশ্চিত। এবার একটি রহস্যের উদঘাটন করলেন পকেট রকেট। নেটে যেই বোলারদের বিরুদ্ধে ব্যাট করা সবচেয়ে কঠিন, তাঁর নাম জানালেন বাঁ হাতি তারকা। স্পিনারদের মধ্যে যুজবেন্দ্র চাহালকে খেলা সবচেয়ে কঠিন। পেসারদের মধ্যে এগিয়ে রাখলেন যশপ্রীত বুমরাকে। একটি আলাপচারিতায় ঈশান জানান, অভিজ্ঞ পেসার ব্যাটারদের সমস্যায় ফেলে দেয়। চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও কার্যকরী বুমরা। প্র্যাকটিস সেশনে কোনও ব্যাটার তাঁর বল ভালভাবে খেলতে পারলে, পরপর বাউন্সার দেন বুমরা।
ঈশান কিষাণ বলেন, 'স্পিনারদের মধ্যে যুজি ভাইকে খেলা সবচেয়ে কঠিন। আমার মনে হয়, ও আমার খেলার ধরণ বুঝে ফেলেছে। পেসারদের মধ্যে বুমরা ভাইয়ের থেকে ভাল কেউ নেই। একটা গল্প বলি। ওর হয়ত খারাপ লাগবে, কারণ আমি সব জায়গায় এটা বলি। প্র্যাকটিসে আমরা বিভিন্ন উইকেট পাই। তারমধ্যে কিছুতে ঘাস থাকে, কিছু শুকনো থাকে। উইকেটে ঘাস থাকলে বোলাররা ব্যাটারদের ওপর তেমন চাপ সৃষ্টি করে না। কিন্তু বুমরা তাতে বিশ্বাসী নয়। কোনও ব্যাটার যদি ওর বল ভালভাবে খেলে, তারপর বাউন্সারের সিরিজ দিতে থাকে।'
দেড় বছর পর জাতীয় দলে ফিরে দুর্ধর্ষ ফর্মে আছেন ঈশান কিষাণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে দারুণ ছন্দে ছিলেন। ৪ ম্যাচে ২১৫ রান করেন। গড় ৫৩.৭৫। তারমধ্যে রয়েছে একটি শতরান। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ক্লিঙ্গার মনে করেন, টি-২০ বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা পাওয়ার অন্যতম দাবিদার ঈশান। তিনি বলেন, 'দুর্ধর্ষ ফর্মে প্রত্যাবর্তন হয়েছে ঈশান কিষাণের। বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা পাওয়ার অন্যতম দাবিদার।' ভারতের ব্যাটিং গভীরতা গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবের জন্য দল বাছাইয়ের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হতে পারে। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ টিম ইন্ডিয়ার। ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে দেখা যেতে পারে ঈশান কিষাণকে। নিউজিল্যান্ড সিরিজে ফর্মে ছিলেন না সঞ্জু স্যামসন। তাঁর বাদ পড়ার সম্ভাবনা প্রবল। ঈশান ওপেন করলে, দলে আরও একজন ব্যাটারের জায়গা তৈরি হবে। চোট সারিয়ে ফিরবেন তিলক বর্মা। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাঁর খেলার সম্ভাবনা প্রবল। চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজ মিস করেন তরুণ ক্রিকেটার।
