আজকাল ওয়েবডেস্ক: একসঙ্গে খেলতে দেখা যাবে মেসি ও রোনাল্ডোকে? ফুটবলমহলে এমনই চর্চা শুরু হয়েছে। এখন ইন্টার মায়ামিতে খেলেন মেসি। আর রোনাল্ডো আল নাসেরে। শোনা যাচ্ছে ইন্টার মায়ামি নাকি রোনাল্ডোকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। পর্তুগিজ মহাতারকা আল নাসের ছাড়লেই মেসির দল ঝাঁপিয়ে পড়বে বলে সূত্রের খবর।
সৌদি প্রো লিগের দল আল নাসেরে যে রোনাল্ডো আর খুব বেশি দিন নেই, তা একপ্রকার নিশ্চিত। কারণ সৌদি সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন সিআর সেভেন। তাঁর অভিযোগ, আল নাসের যেন কোনওমতেই ট্রফি জিততে না পারে সেজন্য সরকারি স্তরে ষড়যন্ত্র চলছে। আসলে সৌদির শীর্ষ চার ক্লাব আল হিলাল, আল ইত্তিহাদ, আল আহলি এবং আল নাসের চালায় সৌদির সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। নিয়ম অনুযায়ী, প্রতি বছর যে কোটি কোটি টাকা খরচ করে সৌদির ক্লাবগুলি ইউরোপ থেকে নামী তারকাদের সই করায় সেটা আসে সরকারি কোষাগার থেকে। কিন্তু রোনাল্ডোর অভিযোগ, বাকি ৩ ক্লাবের পিছনে যে পরিমাণ টাকা ঢালছে, তার সিকিভাগও করা হচ্ছে না আল নাসেরের জন্য।
এখানেই শেষ নয়, কয়েকমাস আগেই আল নাসের কর্তাদের ক্লাবের পদ থেকে সরিয়ে দিয়েছে সৌদির সরকারি সংস্থা। কমিয়ে দেওয়া হয়েছে আল নাসেরের বরাদ্দ। সেই ঘটনাতেও বিরক্তি প্রকাশ করেছিলেন রোনাল্ডো। তারপর ফুটবলার কেনার জন্য আল নাসেরের অর্থের পরিমাণ কমিয়ে দেওয়া হয়। সেই ইস্যুতেই প্রতিবাদ শুরু করেছেন রোনাল্ডো। ইতিমধ্যেই একটি ম্যাচ বয়কট করেছেন সৌদি প্রো লিগে। পরবর্তী ম্যাচও সম্ভবত বয়কট করবেন। পরিস্থিতির উন্নতি না হলে চুক্তির মাঝপথেই তিনি আল নাসের ছাড়বেন, এমনটাই সূত্রের খবর।
সূত্রের খবর, সৌদির পর ফের ইউরোপের কোনও ক্লাবে ফেরার চেষ্টা করছেন রোনাল্ডো। তবে বড়সড় চমক দিতে পারে মেজর সকার লিগ। ইতিমধ্যেই সেখানে খেলছেন মেসি। সঙ্গে যদি রোনাল্ডোকেও পাওয়া যায় তাহলে চড়চড়িয়ে লিগের জনপ্রিয়তা বাড়বে। শোনা যাচ্ছে, মেসির দল ইন্টার মায়ামি নাকি রোনাল্ডোকে নিতে আগ্রহী। আর তা সত্যি হলে কেরিয়ারে প্রথমবার এক দলে খেলতে দেখা যাবে মেসি ও রোনাল্ডোকে।
