আজকাল ওয়েবডেস্ক:‌ স্পিনের বিরুদ্ধে সাবলীল দেখাচ্ছে না ভারতীয় ব্যাটারদের। আমেরিকার পর নামিবিয়া ম্যাচেও তা দেখা গিয়েছে। অনামী স্পিনারদের খেলতে গিয়েই কালঘাম ছুটছে সূর্যকুমার যাদবদের। 


রবিবার কলম্বোয় ভারত–পাক ম্যাচ। পাক দলে একাধিক ম্যাচ ঘোরানো স্পিনার রয়েছে। যদিও টিম ইন্ডিয়ার সেরা স্পিনার পাক বোলারদের অতটা গুরুত্ব দিতে রাজি নন। যদিও পাকিস্তানের একটি সুবিধার কথা মেনে নিয়েছেন বরুণ।


বৃহস্পতিবার ভারত–নামিবিয়া ম্যাচের পর টি–২০ বিশ্বকাপের অন্যতম ধারাভাষ্যকার পার্থিব প্যাটেল পাকিস্তানের স্পিন আক্রমণ নিয়ে প্রশ্ন করেন বরুণকে। জবাবে ভারতীয় দলের স্পিনার হাসতে হাসতে বলেন, ‘বিশ্বকাপে সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। এ নিয়ে সন্দেহ নেই। আমরা পরের ম্যাচটা খেলার জন্য মুখিয়ে রয়েছি। সকলেই খুব উত্তেজিত। চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি।’ এরপরেই বরুণ যোগ করেন, আমরা কিন্তু স্পিনের বিরুদ্ধে বেশ শক্তিশালী। আমাদের স্পিন আক্রমণও বেশ ভাল। আমার তো মনে হয় ওদের চেয়ে আমরা একটু হলেও এগিয়ে রয়েছি। ওরা একই পরিবেশে দুটো ম্যাচ খেলেছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে ভালভাবে। এই সুবিধাটা ওরা পাবে। তবে আমার বিশ্বাস, দল হিসাবে আমরা ওদের চেয়ে ভাল। আমাদের প্রস্তুতিও ভাল হয়েছে।’


প্রসঙ্গত, পাকিস্তানের টি–২০ বিশ্বকাপ দলে শাদাব খান, আবরার আহমেদ, মহম্মদ নওয়াজ, সাইম আয়ুব, উসমান তারিকের মতো স্পিনাররা রয়েছেন। পাকিস্তানের বোলিং আক্রমণের মূল শক্তিই স্পিন। সেই স্পিন কীভাবে সামলান সূর্যরা সেটাই দেখার।

পাক স্পিনারদের যে ভয় পাচ্ছেন তা জানিয়ে দিয়েছেন ঈশান কিষানও। ঈশান বলেছেন, ‘‌আমরা আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছি। বল দেখে সেই অনুযায়ী নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে।’‌ যদিও মারার বল পেলে ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন ঈশান। বলে দিয়েছেন, ‘‌যদি মারার বল পাই তো বড় শট খেলার চেষ্টা করব। এটাই টি–২০ ক্রিকেট। সেই সঙ্গে নিজেদের উপরেও বিশ্বাস রাখতে হবে।’‌ পাক স্পিনার তারিকের কিছু ভিডিও দেখলেও একজনকে নিয়ে আলাদা করে বেশি ভাবতে চাইছেন না ঈশান। তিনি বলেন, ‘‌আলাদা করে কারও বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। হ্যাঁ, আমরা ওর কিছু ভিডিও দেখেছি। তাতে কিছুটা ধারণা তৈরি হয়েছে। খুব সহজ করে বিষয়টা ভাবছি। বল দেখব, শট মারব।’‌