আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস তৈরি করলেন ভারতের তারকা ক্রিকেটার ঈশান কিষান। নামিবিয়ার বিরুদ্ধে যে রেকর্ড গড়লেন, সেই রেকর্ড নেই মহেন্দ্র সিং ধোনিরও।
প্রথম ভারতীয় উইকেট কিপার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ করলেন তিনি।
ওপেন করতে নেমে ঈশান কিষান ২৪ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি।
ঈশান কিষানের দুর্দান্ত ইনিংসের জন্য ২০ ওভারে ভারত করে ৯ উইকেটে ২০৯ রান।
নামিবিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়। সঞ্জু স্যামসন শুরুটা দুর্দান্ত করলেও বেশিক্ষণ চলেনি সেই ঝড়। আট বলে ২২ রান করে ফিরে যান সঞ্জু। তিলক ভার্মা করেন ২৫ এবং আমেরিকা ম্যাচের নায়ক ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব মাত্র ১২ রান করে ফেরেন নামিবিয়ার বিরুদ্ধে।
পরের দিকে হার্দিক পাণ্ডিয়া ২৮ বলে ৫২ রানের ইনিংস তুলে ধরেন। রান তোলার গতি অব্যাহত রাখেন। শিবম দুবে ২৩ রান করেন।
ঈশান কিষানের ইনিংস স্পেশ্যাল। কেবলমাত্র রানের দিক থেকে নয়, রেকর্ড গড়ার দিক থেকেও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও ভারতীয় উইকেট কিপারই হাফ সেঞ্চুরি করতে পারেননি। তাঁর ইনিংস মাইলস্টোন হয়ে থাকল। পাওয়ারপ্লেতে ইনিংসের গতি বাড়ায় ঈশান কিষানের ব্যাট। তাঁর ব্যাটিং চাপে ফেলে দেয় নামিবিয়াকে।
ঈশান কিষানের দুর্দান্ত ব্যাটিং ভারতকে পৌঁছে দেয় শক্তিশালী জায়গায়। ৯৩ রানে বড় জয় পায় ভারত।
