আজকাল ওয়েবডেস্ক: চলতি টি-২০ বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। শুক্রবার গ্রুপ বির ম্যাচে জিম্বাবোয়ের কাছে অপ্রত্যাশিত হার অস্ট্রেলিয়ার। তারপর থেকেই মিমে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। তারমধ্যে সবচেয়ে বেশি কটাক্ষের মুখে পড়তে হয় গ্লেন ম্যাক্সওয়েলকে। ৩২ বলে ৩১ রান করেন অজি তারকা। হারের জন্য অনেকেই তাঁকে দুষছেন। সেই ঝড় এবার সোশ্যাল মিডিয়ায়। ম্যাক্সওয়েলের ছবি নিয়ে তৈরি হচ্ছে প্রচুর মিম। তাঁকে হিন্দি সিনেমার ভিলেনদের সঙ্গে তুলনা করা হচ্ছে। একইসঙ্গে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ভিডিও। অনেকেই আবার এরমধ্যে বাবর আজমকে টেনে এনেছেন। কারণ জিম্বাবোয়ে সিরিজে দারুণ ছন্দে ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। বাবরের ছবিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের জার্সিতে বাবরের ছবি। তাতে লেখা, জিম্বাবোয়ের বিরুদ্ধে রান করা সবার কাজ নয়। বিভিন্ন মিমে ভরে যাচ্ছে নেটমাধ্যম। 

শুক্রবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ট্রাভিস হেডদের ২৩ রানে হারায় সিকন্দর রাজারা। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে জিম্বাবোয়ে। টসে জিতে তাঁদের ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ব্রায়ান বেনেটের অপরাজিত ৬৪ রানে ভর করে লড়াই করার মতো রানে পৌঁছয় জিম্বাবোয়ে। ইনিংস বিরতিতে মনে হয়েছিল অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যাবে অজিরা। কিন্তু জিম্বাবোয়ের বোলিংয়ের সামনে আত্মসমর্পণ। মাত্র ২৯ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এই জায়গা থেকে আর ম্যাচে ফিরতে পারেনি। ১৪৬ রানে শেষ হয় ইনিংস। যার ফলে সুপার আটে যাওয়া কঠিন হয়ে গেল অস্ট্রেলিয়ার।

জিম্বাবোয়ের সেরা বোলার মুজারাবানি। ৪ ওভারে ১৭ রানে তুলে নেন ৪ উইকেট। ম্যাচ শেষে ট্রাভিস হেডকে বল করা নিয়ে তিনি বলেন, 'বিশ্বের অন্যতম সেরা প্লেয়ারদের মধ্যে একজনকে বল করতে হয়েছে। আজকের দিনটা ঠিকভাবে কাটায় খুশি। উইকেট মন্থর ছিল। আমাকে মানিয়ে নিতে হয়েছে। সবাই ভাল বল করেছে। সবাই দলকে সাহায্য করেছে।' আফগানিস্তানের কাছে হারতে হারতে বেঁচে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দুটো সুপার ওভারের পর নাটকীয় ম্যাচ জেতে প্রোটিয়ারা। নেপালের বিরুদ্ধে হারতে হারতে জিতে যায় ইংল্যান্ড। কিন্তু শুক্রবার এবারের টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন বোধহয় ঘটেই গেল।