আজকাল ওয়েবডেস্ক:‌ নিয়মরক্ষার নেদারল্যান্ডস ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে জোড়া বদল। পাক ম্যাচের প্রথম একাদশ থেকে বাদ গেলেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। দলে অক্ষরের বদলে এলেন ওয়াশিংটন সুন্দর। আর কুলদীপের জায়গায় এলেন অর্শদীপ। যদিও অক্ষরকে সুপার এইটের আগে বিশ্রাম দেওয়া হল। আর ওয়াশিংটনকে সুপার এইটের ম্যাচের আগে দেখে নেওয়ার জন্যই খেলানো হচ্ছে। চোট সারিয়ে এটাই টি–২০ বিশ্বকাপে ওয়াশিংটনের প্রথম ম্যাচ।


সবচেয়ে আশ্চর্যের এই ম্যাচে খেলছেন বুমরা। বুধবার সকালেই শোনা গিয়েছিল বুমরাকে হয়ত খেলানো হবে না। কিন্তু বুমরা প্রথম একাদশে রয়েছেন। দলে আছেন অভিষেক শর্মা। এই বিশ্বকাপে তিনি এখনও রানের খাতা খুলতে পারেননি।


গ্রুপের শেষ ম্যাচে টস জিতলেন সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করবে ভারত। 


এদিকে, সুপার এইটে চলে গেল পাকিস্তান। নামিবিয়াকে হারাল ১০২ রানে। সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল সুপার এইটে কারা কারা খেলবে। সাত দল আগেই ঠিক হয়ে গিয়েছিল। বাকি ছিল একটি দল। বুধবার নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের টিকিট জোগাড় করে নিলেন সলমন আলি আঘারা। সুপার এইটে একদিকে থাকছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। অন্য গ্রুপে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান।


এটা ঘটনা, ভারত ম্যাচ হারতেই নামিবিয়া ম্যাচে জোড়া বদল করে পাকিস্তান। ভারতের কাছে হারের পর শোনা গিয়েছিল, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানকে বাদ দিতে পারে পাকিস্তান। নামিবিয়ার বিরুদ্ধে জোড়া বদল করে তারা। তবে তিন জনই বাদ পড়েননি। এই তিন ক্রিকেটারের মধ্যে একমাত্র শাহিনকে বাদ দেওয়া হয়। বাবর ও শাদাব খেলেছেন। শাদাব ব্যাট ও বল হাতে পারফর্ম করেছেন।


নামিবিয়ার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। দলের অধিনায়ক সলমন আলি আঘা জানান, দলে দুই বদল হয়েছে। তিনি জানান, শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ খেলছে না। তাদের বদলে খোয়াজা নাফায় ও সলমন মির্জা দলে এসেছেন।


প্রসঙ্গত, নাফায় উইকেটরক্ষক–ব্যাটার। আর মির্জা পেসার।