আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে মিচেল কান্ডে অর্শদীপ সিংয়ের পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর। দাবি করেন, ভারতীয় পেসার ক্ষমাপ্রার্থী না হলেও কোনও সমস্যা ছিল না তাঁর। রবিবার আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে এই ঘটনা ঘটে। অর্শদীপকে পরপর দু'বলে ছক্কা মারেন মিচেল। ফলো থ্রুতে বল ধরে ব্যাটারের দিকে ছোড়েন। বল সরাসরি মিচেলের প্যাডে লাগে। ভালভাবে নেননি নিউজিল্যান্ডের ব্যাটার। চটে যান। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের সহ অধিনায়কের কাছে ক্ষমা চেয়ে নেন অর্শদীপ। কিন্তু পরবর্তীতে আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গ করার জন্য ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন দুই অন ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ, এবং তৃতীয় আম্পায়ার আলাহিউদ্দিন পালেকার ও চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক।
এই বিতর্কে গম্ভীরকে পাশে পেলেন অর্শদীপ। দাবি করেন, ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানান ভারতীয় পেসার। গম্ভীর বলেন, 'আমার মনে হয়, এটা ঠিকই আছে। তুমি দেশকে প্রতিনিধিত্ব করছো। তোমাকে আগ্রাসন দেখাতেই হবে। এটাতে কোনও ভুল নেই। কোনও বোলার পরপর দুটো ছয় হজম করতে চায় না। আমি প্লেয়ারদের থেকে এমন আগ্রাসন দেখতে চাই। এতে কোনও ভুল নেই। এমনকী ক্ষমা না চাওয়া হলেও কোনও সমস্যা নেই। ওর ক্ষমা চাওয়ার দরকারও ছিল না। ক্ষমা চেয়ে ও ব্যক্তিগতভাবে ভাল করেছে। কিন্তু ক্রিকেট মাঠে কেউ বন্ধু হয় না। কোনও শত্রুও না।'
গম্ভীরের দাবি, আজকাল সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্তের জন্য এমন ছোটখাট ঘটনা ছড়িয়ে যায়। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'তোমার কাজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। দেশের হয়ে ম্যাচ জেতা। কেউ পরপর ছক্কা হজম করতে চায় না। আমার মনে হয়, এমন ঘটনা আগেও ঘটেছে। এই নিয়ে বাড়তি আলোচনার প্রয়োজন নেই। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে এগুলো নিয়ে অত্যধিক বাড়াবাড়ি হয়ে।' ম্যাচ শেষে অবশ্য নিজের ভুল স্বীকার করে দেন অর্শদীপ।
