আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতলেও টিম ইন্ডিয়ার ফিল্ডিং নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। একাধিক ক্যাচ মিস করেছেন সূর্যরা। এশিয়া কাপ থেকেই ভারতকে ভোগাচ্ছে ফিল্ডিং। এশিয়া কাপেও ক্যাচ ধরার নিরিখে পিছনের সারিতে ছিলেন সূর্যকুমার যাদবরা। বিশ্বকাপের গ্রুপ পর্বেও তাই। বিশ্বকাপের গ্রুপ পর্বের ২০টি দলের মধ্যে ক্যাচ ধরার নিরিখে ১৯ নম্বরে ভারত।


যদিও গ্রুপের বাধা টপকাতে বিশেষ সমস্যা হয়নি সূর্যকুমার যাদবদের। চার ম্যাচের চারটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। ব্যাটিং বা বোলিং নিয়ে বিশেষ চিন্তা নেই। তবে ফিল্ডিং সত্যিই চিন্তার কারণ ভারতের। কারণ গ্রুপ পর্বের চার ম্যাচে ৯টি ক্যাচ ফেলেছে ভারতীয় দল। বুধবার রাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও দুটি ক্যাচ মিস করেছেন সূর্যকুমার যাদবরা। নেদারল্যান্ডসও যে ভারতের বিরুদ্ধে ১৭৬ রান তুলেছে, সেটার মূল কারণও ফিল্ডিং মিস।


পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে যে ২০টি দল খেলছে সেগুলির মধ্যে ক্যাচ ধরার নিরিখে ১৮টি দলের থেকে পিছিয়ে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবরা ৪ ম্যাচে ৯টি ক্যাচ মিস করেছেন। একমাত্র আয়ারল্যান্ড ৪ ম্যাচে ১০টি ক্যাচ মিস করে ভারতের আগে রয়েছে। নামিবিয়া ৬টি ক্যাচ নিয়ে তৃতীয় স্থানে। সব মিলিয়ে ভারতের ক্যাচ ধরার হার ৭০ শতাংশের নিচে। এর আগে এশিয়া কাপেও এই বিশ্রী ফিল্ডিং পরিসংখ্যান দেখা গিয়েছে। লাগাতার ক্যাচ মিসের এই প্রবণতা সুপার এইটের আগে বেশ চাপে রাখবে গম্ভীর ব্রিগেডকে।


এদিকে, টিম ইন্ডিয়ার এই ক্যাচ মিস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন পেসার বরুণ অ্যারনও। তিনি বলছেন, ‘‌এটা বিরাট চিন্তার। গত ১২ মাসে ভারত সবচেয়ে বাজে ক্যাচিং টিম হওয়ার দৌড়ে সবার আগে। প্রতি ম্যাচ ২–৩টি ক্যাচ গড়ে মিস হচ্ছে। আমাদের ক্যাচ ধরার গড় ৭০ শতাংশের নিচে। আশা করব সুপার এইট এবং সেমিফাইনালে এই ভুলগুলি হবে না।’‌