আজকাল ওয়েবডেস্ক: ১৮৭ রান তুলতে পারেনি ভারত। প্রোটিয়াদের কাছে হারের জন্য দলের ব্যাটারদেরই দায়ী করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু ব্যাটিং কোচ সীতাংশু কোটাক আবার ব্যাটারদের খামতি দেখতে পাচ্ছেন না। বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ৭৬ রানের লজ্জার হারকে ‘অফ ডে’ বলে কাটিয়ে দিয়েছেন তিনি। তবে সেই সঙ্গে দলে বদলেরও ইঙ্গিত দিয়েছেন কোটাক। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, এই পরিস্থিতিতে দলে বদল দরকার কি না বুঝতে পারছেন না তিনি। তাঁর কথা শুনেই বোঝা যাচ্ছে, হারের ধাক্কায় বেসামাল ভারতীয় দল।
কোটাকের মতে, দিনটা ভারতীয় দলের ছিল না। সেই কারণেই হারতে হয়েছে। তিনি বলেন, ‘আমি বলব না, চাপ সামলাতে না পেরে হেরেছি। অনভিজ্ঞতার প্রশ্নই উঠছে না। এত আইপিএল ও আন্তর্জাতিক টি–২০ খেলার পর অভিজ্ঞতার অভাবের দোহাই দেওয়া যায় না। আমি বলব, দিনটা আমাদের ছিল না। সকলেরই খারাপ দিন ছিল।’
তবে চলতি বিশ্বকাপে দলের ব্যাটিং পারফরম্যান্স যে চিন্তা বাড়াচ্ছে তা স্বীকার করে নিয়েছেন কোটাক। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং ভাল হচ্ছে না। সেটা চিন্তার কারণ। আমরা ভাবছি। গৌতম ও সূর্য এই বিষয়ে কথা বলেছে। যদি কিছু বদলাতে হয় তো ওরা বদলাবে।’ এই কথায় স্পষ্ট, দলে বদল হতে পারে। রবিবার হারের পর ভারতের সহকারী কোচ রায়ান টেন ডশকাটে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, অক্ষর প্যাটেলকে না খেলানো ভুল হয়েছিল। পাশাপাশি সঞ্জু স্যামসনের নাম নিয়ে যে আলোচনা হবে সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। এবার কোটাকের কথাতেও সেই ইঙ্গিত।
অবশ্য দলে বদলের ইঙ্গিত দিলেও প্রতিযোগিতার এই পর্যায়ে এসে সেটা কতটা কাজে দেবে তা নিয়ে সংশয়ে রয়েছেন কোটাক। তিনি বলেন, ‘আমরা প্রতিযোগিতার এমন একটা পর্যায়ে এসে গিয়েছি, যেখানে ভাবতে হবে, সত্যিই কিছু বদলাব? না যা আছে সেটা নিয়েই এগোব? বদলাতে হলে কোথায় বদল দরকার সেটাও ভাবতে হবে।’
রবিবার হারের পর মাঠের ধারে ডাগ আউটে বসেই আলোচনা শুরু করেছিলেন গম্ভীর, সূর্য ও কোটাক। সেখানে তাঁদের কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।
















