আজকাল ওয়েবডেস্ক: জিম্বাবোয়েকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে তুলে দিল ভারত। আগেই টি–২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার ভারত–জিম্বাবোয়ে ম্যাচের পর শেষ চারের দুই দল চূড়ান্ত হয়ে গেল।
বৃহস্পতিবার ভারত–জিম্বাবোয়ে ম্যাচের আগে আমেদাবাদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ সহজে জেতে তারা। ফলে দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ২। ভারত আবার জিম্বাবোয়েকে হারানোয় সূর্যকুমার যাদবদের পয়েন্টও দুই ম্যাচে ২। গ্রুপে সকলের নীচে থাকা জিম্বাবোয়ের পয়েন্ট দুই ম্যাচে শূন্য।
গ্রুপ ১–র চার দলেরই একটি করে ম্যাচ বাকি। শেষ ম্যাচে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে জিম্বাবোয়ে। যদি সেই ম্যাচ দক্ষিণ আফ্রিকা হারে তাহলে তাদের পয়েন্ট হবে তিন ম্যাচে ৪। জিম্বাবোয়ে ২ পয়েন্টের বেশি যেতে পারবে না। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জয়ী দল সেমিফাইনালে উঠবে। কিন্তু দুই দলের মধ্যে কোনও একটি দলই ৪ পয়েন্ট পাবে। অপর দলের পয়েন্ট হবে ২। যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে দুই দলই ৩ পয়েন্টে থাকবে। সুতরাং কোনও পরিস্থিতিতেই দক্ষিণ আফ্রিকাকে দুই দল টপকাতে পারবে না।
ফলে সুপার এইটের এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ঠিক হবে, গ্রুপের শীর্ষে কে থাকবে? পাশাপাশি ভারতের কাছে হেরে সুপার এইটের লড়াই থেকে বিদায় নিল জিম্বাবোয়ে। শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসাবে সুপার এইট পর্বে বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা।
