আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত–পাক ম্যাচের পিচ বদলে দিতে পারে আইসিসি। আর তা ভারতের চাপে। এমনটাই বিস্ফোরক অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সাকলাইন মুস্তাক। 


প্রসঙ্গত, টি–২০ বিশ্বকাপে কলম্বোর পিচে খুব বেশি রান উঠছে না। মন্থর গতির পিচে বড় শট খেলতে সমস্যায় পড়ছেন ব্যাটাররা। কিন্তু রবিবার ভারত–পাকিস্তান ম্যাচের আগে এই পিচের চরিত্র বদলে যেতে পারে। ভারতের চাপে পিচ বদলে দিতে পারে আইসিসি। এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাকলাইন মুস্তাক।


‘হাইব্রিড মডেল’ মেনে শ্রীলঙ্কায় টি–২০ বিশ্বকাপের সব ম্যাচ খেলছে পাকিস্তান। সেখানে যতগুলি ম্যাচ হয়েছে, কোনওটিতেই ২০০–র বেশি রান ওঠেনি। সেটাই রবিবার বদলে যেতে পারে বলে দাবি করেছেন সাকলাইন। পাকিস্তানের প্রস্তুতি ঘেঁটে দিতে আইসিসি ব্যাটিং–সহায়ক পিচ বানাতে পারে বলে মনে করেন তিনি।


পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে এই বিস্ফোরক মন্তব্য করেছেন সাকলাইন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, রবিবারের ম্যাচেও মন্থর পিচ থাকবে কি না। সাকলাইন বলেন, ‘‌এখনকার দিনে হাতে যে ধরনের প্রযুক্তি রয়েছে এবং আধুনিক জ্ঞান থাকা মাঠকর্মীরা রয়েছেন, তাতে পিচ বদলে যেতেই পারে। আপনারা জানতেও পারবেন না। আমরা সকলেই জানি আইসিসি কাদের কথায় চলে।’‌


সাকলাইনের অনুমান, পাকিস্তান ম্যাচের আগে বিসিসিআই জোর করে পিচ বদলে দিতে পারে। তবে দিল্লিতে ভারতের অনুশীলন দেখে যা বোঝা গিয়েছে, তাতে কলম্বোয় মন্থর পিচ হবে মনে করেই প্রস্তুতি নিচ্ছে ভারত।


এদিকে, ওই টিভি অনুষ্ঠানে পাকিস্তান দলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা। অনুষ্ঠানে উপস্থিত উমর গুল এবং মহম্মদ হাফিজের প্রশ্ন ছিল, আগের ম্যাচে কেন ফাহিম আশরাফকে দিয়ে এক ওভারও করানো হল না? সাকলাইন বলেন, ‘‌উসমান তারিককে একটা ম্যাচে খেলাল ওরা। ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী হবে ও। তবে দলে দু’জন পেসার এবং একজন অলরাউন্ডার থাকলে কম্বিনেশনই বদলে যায়। নিউজিল্যান্ডের জিমি নিশামের দিকে তাকান। ও হল আমাদের ফাহিম আশরাফের মতো। কোনওদিন এক ওভার বল করে, কোনওদিন ২০ তম ওভার বল করে। পাকিস্তানের হয়ে কে ২০তম ওভার করে? তারিক, নওয়াজ, শাদাব না আবরার? কেউ সফলভাবে বল করতে পারেনি। ফাহিম পেরেছে।’‌