আজকাল ওয়েবডেস্ক: ঈশান কিষাণ এবং হার্দিক পাণ্ডেয়ার বিস্ফোরক ইনিংসের পরেও নামিবিয়ার বিরুদ্ধে ২০৯ রান করল ভারত। এদিন মিডল অর্ডারদের অফ ফর্ম ভোগাল ভারতকে।

প্রথম সাত-আট ওভারে খারাপ বোলিংয়ের পরেও দারুণ ভাবে ম্যাচে ফিরল নামিবিয়া। স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিং হাত খুলতে দিল না সূর্যকুমার যাদব, শিবম দুবে, রিঙ্কু সিংকে।

শুধু ডট বল করাই নয়, মিডল ওভারে উইকেটও নিলেন নামিবিয়ার বোলাররা। এদিন অসুস্থতার কারণে দলে ছিলেন অভিষেক। তাঁর জায়গায় এসেছেন সঞ্জু স্যামসন।

স্কাই টসে বলছিলেন, অভিষেকের মতো মানসিকতা নিয়েই নামবেন সঞ্জু। শুরুটাও সেভাবেই করলেন। কিন্তু অভিষেকের মতো বড় রানে কনভার্ট করতে পারলেন না ইনিংসটাকে। তিনি ফিরলেন 8 বলে ২২ রান করে।

কিন্তু তাঁর সঙ্গে নামা ঈশান কিষাণ ২৪ বলে ৬১ রান করে একসময় বড় রানের স্বপ্ন দেখাচ্ছিলেন ভারতকে। তাঁর মারকুটে ইনিংসের সৌজন্য ভারত শতরানের গণ্ডি পেরিয়ে যায় সপ্তম ওভারেই।

কিন্তু ঈশান ফেরার পরেই রান তোলার গতি কমে যায় টিম ইন্ডিয়ার। স্কাই, তিলক এবং শিবম দুবেকে বেঁধে রেখে দেন নামিবিয়ার বোলাররা। তার ফলও মেলে হাতেনাতেই। স্কটজের বলে স্টাম্প আউট হন স্কাই(১২)।

তিলক ২৫ রান করলেও তা আসে ২১ বলে। দুবে গিয়ার বদলনোর চেষ্টা করলেও তিনি ফেরেন ১৬ বলে ২৩ রান করে। একদিক থেকে ইনিংস ধরে রেখে দিয়েছিলেন হার্দিক।

পাকিস্তান ম্যাচের আগে তারকা অলরাউন্ডারের ফর্ম স্বস্তি জোগাবে ভারতকে। এদিন হার্দিক ২৮ বল খেলে করলেন ৫২ রান। শুরুতে ধীরে সুস্থে খেললেও সময় মতো গিয়ার বদলালেন।

টি-টোয়েন্টির আদর্শ ইনিংস দেখা গেল তাঁর ব্যাট থেকে। অর্ধশতরানের ইনিংসে ছিল ১০৯ মিটারের একটি বিশাল ছক্কা। শেষের দিকে পরপর তিন-চার উইকেট পড়ায় আর বড় রান ওঠেনি ভারতের।

অন্যদিকে, নামিবিয়ার হয়ে চার উইকেট নিলেন অধিনায়ক ইরাসমাস। একটি করে উইকেট নেন শিকোঙ্গো, স্মিট এবং স্কটজ।

বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করবে ভারত। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নামিবিয়ার অধিনায়ক। অর্থাৎ, দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তান ম্যাচের মহড়া সেরে রাখতে পারবে টিম ইন্ডিয়া।

টসে হারলেও খুশি সূর্যকুমার যাদব। কারণ প্রথমেই ব্যাট করতে চেয়েছিলেন তিনি। সূর্যকুমার বলেন, 'আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। টসে হারলেও ক্ষতি নেই, ম্যাচ জিতলেই হল। বড় টুর্নামেন্ট।

শিশির ফ্যাক্টর হতে পারে। তাই এইধরনের পরিস্থিতিতে প্রথমে ব্যাট করা ভাল। উইকেট ভাল। প্রচর দর্শক এসেছে। আশা করছি আমরা ওদের আনন্দ দিতে পারব।' 

প্রথম ম্যাচের দলে দুটি পরিবর্তন হচ্ছে। খেলছেন না অভিষেক শর্মা। তাঁর বদলে দলে সঞ্জু স্যামসন। যা আশা করা গিয়েছিল। সুস্থ হয়ে ফিরছেন যশপ্রীত বুমরা।‌

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভাল বল করলেও, বাদ পড়েন মহম্মদ সিরাজ। ম্যাচের দু'দিন আগে থেকেই অনিশ্চিত ছিলেন অভিষেক। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও খেলার মতো অবস্থায় নেই।

তাই প্রত্যাশিতভাবেই বাঁ হাতি ওপেনারকে বিশ্রাম দেওয়া হয়। এমন যে হতে চলেছে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। ম্যাচের আগেরদিন নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা যায় সঞ্জু স্যামসনকে।

এদিন টি-২০ বিশ্বকাপে হাতেখড়ি হচ্ছে তাঁর। হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগাতে চাইবেন উইকেটকিপার ব্যাটার। অন্যদিকে বুমরার দলে ফেরা নিশ্চিত ছিল।

দশদিন পর মাঠে ফিরছেন তারকা পেসার। তবে মহম্মদ সিরাজের দল থেকে বাদ পড়া দুর্ভাগ্যের। বিশ্বকাপের প্রথম ম্যাচে বল হাতে সাফল্য পান।

কিন্তু বুমরার জন্য জায়গা ছেড়ে দিতে হয়। অন্যদিকে তারকা পেসারের বলে আগের দিন অনুশীলনে চোট পেয়েছিলেন ঈশান কিষাণ।‌ তাঁকে নিয়েও আশঙ্কা ছিল। কিন্তু ঈশান খেলছেন।