আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করবে ভারত। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নামিবিয়ার অধিনায়ক। অর্থাৎ, দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তান ম্যাচের মহড়া সেরে রাখতে পারবে টিম ইন্ডিয়া। টসে হারলেও খুশি সূর্যকুমার যাদব। কারণ প্রথমেই ব্যাট করতে চেয়েছিলেন তিনি। সূর্যকুমার বলেন, 'আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। টসে হারলেও ক্ষতি নেই, ম্যাচ জিতলেই হল। বড় টুর্নামেন্ট। শিশির ফ্যাক্টর হতে পারে। তাই এইধরনের পরিস্থিতিতে প্রথমে ব্যাট করা ভাল। উইকেট ভাল। প্রচর দর্শক এসেছে। আশা করছি আমরা ওদের আনন্দ দিতে পারব।' 

প্রথম ম্যাচের দলে দুটি পরিবর্তন হচ্ছে। খেলছেন না অভিষেক শর্মা। তাঁর বদলে দলে সঞ্জু স্যামসন। যা আশা করা গিয়েছিল। সুস্থ হয়ে ফিরছেন যশপ্রীত বুমরা।‌ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভাল বল করলেও, বাদ পড়েন মহম্মদ সিরাজ। ম্যাচের দু'দিন আগে থেকেই অনিশ্চিত ছিলেন অভিষেক। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও খেলার মতো অবস্থায় নেই। তাই প্রত্যাশিতভাবেই বাঁ হাতি ওপেনারকে বিশ্রাম দেওয়া হয়। এমন যে হতে চলেছে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। ম্যাচের আগেরদিন নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা যায় সঞ্জু স্যামসনকে। এদিন টি-২০ বিশ্বকাপে হাতেখড়ি হচ্ছে তাঁর। হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগাতে চাইবেন উইকেটকিপার ব্যাটার।

অন্যদিকে বুমরার দলে ফেরা নিশ্চিত ছিল। দশদিন পর মাঠে ফিরছেন তারকা পেসার। তবে মহম্মদ সিরাজের দল থেকে বাদ পড়া দুর্ভাগ্যের। বিশ্বকাপের প্রথম ম্যাচে বল হাতে সাফল্য পান। কিন্তু বুমরার জন্য জায়গা ছেড়ে দিতে হয়। অন্যদিকে তারকা পেসারের বলে আগের দিন অনুশীলনে চোট পেয়েছিলেন ঈশান কিষাণ।‌ তাঁকে নিয়েও আশঙ্কা ছিল। কিন্তু ঈশান খেলছেন। দুরন্ত ফর্মে আছেন। নামিবিয়ার বিরুদ্ধে আরও একটি ঝোড়ো ইনিংসের অপেক্ষায়।