আজকাল ওয়েবডেস্ক: চাপে রয়েছে পাকিস্তান। সুপার এইটের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। মঙ্গলবার ফের নামবে পাকিস্তান। পাল্লেকেলেতে খেলা ইংল্যান্ডের বিরুদ্ধে। হ্যারি ব্রুকের দল সুপার এইটে ইতিমধ্যেই একটি ম্যাচ জিতে গিয়েছে। হারিয়েছে শ্রীলঙ্কাকে। 


এদিকে, মঙ্গলবার পাল্লেকেলেতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যদি এই ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে সমস্যা হবে পাকিস্তানের। পয়েন্ট নষ্ট হলে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে পড়বে তাদের।


মঙ্গলবার পাল্লেকেলের আবহাওয়ার দু’রকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অ্যাকুওয়েদার জানিয়েছে, সেখানে বৃষ্টির সম্ভাবনা খুব কম। ফলে খেলায় খুব একটা ব্যাঘাত হবে না। কিন্তু শ্রীলঙ্কার স্থানীয় সূত্রে খবর, বৃষ্টি হতে পারে। কলম্বো যেমন সমুদ্রের ধারে, পাল্লেকেলে তা নয়। শ্রীলঙ্কার প্রায় মাঝামাঝি ক্যান্ডিতে রয়েছে এই মাঠ। ফলে সেখানে বৃষ্টি হলে সমুদ্রের প্রভাবে নয়, বরং স্থানীয় মেঘ থেকে বৃষ্টি হতে পারে।


যদিও হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা মাত্র ২ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি, সর্বনিম্ন ২৫ ডিগ্রি। অর্থাৎ মনোরম আবহাওয়া থাকবে ম্যাচের সময়ে। খেলার সময়ে বৃষ্টি হলেও তাতে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না বলেই অনুমান।


এটা ঘটনা, পাকিস্তান ইতিমধ্যেই ১ পয়েন্ট নষ্ট করেছে। যদি কোনও কারণে ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যায় তাহলে দু’ম্যাচে ২ পয়েন্ট হবে তাদের। হাতে একটিই ম্যাচ বাকি থাকবে। শ্রীলঙ্কাকে হারাতে পারলে তবেই ৪ পয়েন্টে শেষ করবে পাকিস্তান। কিন্তু সেক্ষেত্রে নিজেদের হাতে সেমিফাইনালের অঙ্ক থাকবে না সলমনদের। বাকি তিন দলের খেলার ফলের উপর নির্ভর করতে হবে তাঁদের।


এটা ঘটনা, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অনেক সময় খেলা ভেস্তে না গেলেও তার নেতিবাচক প্রভাব কোনও দলের উপর পড়ে। বিশেষ করে যে দল শুরুতে ব্যাট করে তারা সমস্যায় পড়ে। কারণ, বৃষ্টি হলে ডাকওয়ার্থ লুইস নিয়ম চলে আসে। সেক্ষেত্রে যারা পরে ব্যাট করে তারা লক্ষ্য জেনে সেই অনুযায়ী খেলতে পারে। ফলে এই ধরনের খেলায় টস খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়।
 ‌