আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে জয়ের পর নেদারল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। বুধবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অভিষেক শর্মার ফর্মে ফেরার দিকে তাকিয়ে ভারত। এই ম্যাচ সূর্যকুমার যাদবদের খুব বেশি পরীক্ষার সামনে ফেলতে পারবে না। তবে আহমেদাবাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ থাকবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই খেলবে টিম ইন্ডিয়া। ৮ মার্চ ফাইনালও আহমেদাবাদেই। নির্বিষ ম্যাচে হলেও, ৭০,০০০ দর্শকের অপেক্ষায় গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল। অন্যদিকে নিয়মরক্ষার ম্যাচে হলেও, জয় ধরে রাখাই চ্যালেঞ্জ। 

বুধবার স্পটলাইট থাকবে অভিষেক শর্মার ওপর। ১৮ মাসের বিধ্বংসী ব্যাটিং ব্যাকড্রপে নিয়ে বিশ্বকাপের মঞ্চে এসেছিলেন অভিষেক শর্মা। কিন্তু তিনের মধ্যে দুই ম্যাচে রান পাননি। দুটি ম্যাচই শূন্যতে আউট হন। নামিবিয়ার বিরুদ্ধে খেলেননি। শেষ ছয় ইনিংসের মধ্যে চারটিতে শূন্য রান। কিন্তু উইকেটের অন্য প্রান্তে ঈশান কিষাণের দাপুটে ব্যাটিং অভিষেকের ব্যর্থতা ঢেকে দিয়েছে। তিন ম্যাচে ১৫৮ রান উইকেটকিপার ব্যাটারের। স্ট্রাইক রেট ১৯৭.৫০। কিন্তু সুপার এইটের আগে তাঁর ফর্মে ফেরার অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ বলে আউট হন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বলে ফেরেন। নেদারল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে। ডাচদের বিরুদ্ধে ভারতের মিডল অর্ডার নিজেদের ঝালিয়ে নিতে চাইবে। পরের ন'দিনে সুপার এইটের তিনটে ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। তাই টিম কম্বিনেশন নিয়ে আলোচনা চলছে। পরপর ম্যাচ থাকায় যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেটা হলে মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং শুরু করতে পারে। তবে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানান, বুমরাকে বিশ্রাম দেওয়া হবে না। পরের ম্যাচেই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তাই দলের একনম্বর বোলারকে খেলার মধ্যে রাখতে চাইছে ম্যানেজমেন্ট। 

কলম্বোর মন্থর পিচে অর্শদীপের পরিবর্তে কুলদীপ যাদবকে খেলানো হয়। নেদারল্যান্ডের বিরুদ্ধেও চায়নাম্যানকে খেলানো হবে কিনা সেটাই দেখার। এখনও পর্যন্ত তিনটে ম্যাচই খেলেছেন হার্দিক পাণ্ডিয়া। তাঁকেও বিশ্রাম দেওয়ার কথা চলছে। তবে বড় ম্যাচের আগে দলে খুব বেশি পরিবর্তনের পক্ষপাতী নয় গৌতম গম্ভীর। তাই কোনও পরিবর্তন না হলেও অবাক হওয়ার কিছু নেই। তবে কুলদীপের না খেলারই সম্ভাবনা বেশি। অন্যদিকে বিশ্বকাপের শুরুটা ভাল করেছিল নেদারল্যান্ড। চাপের মুখে ফেলে দেয় পাকিস্তানকে। তারপর নামিবিয়াকে সাত উইকেটে হারায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৯৩ রানে হারে। এবার গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামছে ডাচরা।