আজকাল ওয়েবডেস্ক:‌ রবিবার ভারত–পাক মহারণ। টি–২০ বিশ্বকাপে। খেলা হবে কলম্বোয়। এদিকে, দেশের নানা জায়গায় চলছে পুজো, যজ্ঞ। পাকিস্তানকে হারানোর জন্য।


পহেলগাঁও হামলা ও অপারেশন ‘‌সিঁদুর’‌ এর পর দুই দেশের সম্পর্ক তলানিতে। যার রেশ পড়েছে ক্রিকেট মাঠেও। এশিয়া কাপে পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত। রবিবার বিশ্বকাপের ম্যাচেও হয়ত একই দৃশ্য দেখা যাবে। পাক অধিনায়ক সলমন আলি আঘা বলেছেন, করমর্দন বিষয়টি ভারতের উপরেই নির্ভর করছে।


এই পরিস্থিতিতে ম্যাচের দিন সকাল থেকে দেশের নানা প্রান্তে পুজো–যজ্ঞ শুরু করে দিয়েছেন ক্রিকেট ভক্তরা। সূর্যদের জয়ের জন্য প্রার্থনা করছে গোটা দেশ।


সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্দিরে পুজোর ভিডিও ছড়িয়ে পড়েছে। কানপুর, বারাণসী থেকে শুরু করে দেওঘর, একটাই প্রার্থনা–রবিবার পাক বধ করুক ভারত। কোথাও সূর্যদের ছবির সামনে বসে চলছে যজ্ঞ, কোথাও আবার ভারতের পতাকা নিয়ে পুজোয় বসেছেন ক্রিকেটপ্রেমীরা। জয়ের প্রার্থনায় হয়েছে গঙ্গা আরতিও। রবিবার শিবরাত্রিও রয়েছে। শুভদিনে সর্বশক্তিমানের কাছে ক্রিকেটপ্রেমীদের বিনতি, পাকিস্তানকে জিততে দেওয়া যাবে না।


ক্রিকেটপ্রেমীদের কেউ বলছেন, ‘‌আমি প্রার্থনা করি আজ যেন শাহিন আফ্রিদি খেলতেই না পারে। ভারত বড় ব্যবধানে জিতুক।’‌ আবার কারও মত, ‘‌ভারত প্রথমে ব্যাট করে ২০০ রান তুলে দিক। তারপর পাকিস্তানের ১০ উইকেট ফেলে দেওয়া যাবে।’‌ বয়কট নাটককে নিশানা করে ক্রিকেটপ্রেমীদের অনেকেই বলছেন, ‘‌পাকিস্তান তো খেলার আদর্শ মানছেই না। যখন দেখেছে আর্থিক ক্ষতি হবে, আইসিসির ধমক খেয়ে মাঠে নেমেছে। ওদের কোনওমতে জিততে দেওয়া যাবে না।’‌ 


কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রণধাওয়া বলছেন, ‘‌পাকিস্তান আমাদের দেশের শত্রু। ওদের ঠিক শত্রুর মতোই জবাব দিতে হবে।’‌