আজকাল ওয়েবডেস্ক:‌ একপেশে ভারত–পাক ম্যাচ। টিম ইন্ডিয়া জিতল ৬১ রানে। ম্যাচের আগে পাক অধিনায়কের সঙ্গে হাত না মেলানো সূর্যকুমার যাদব জয় উৎসর্গ করেছেন দেশবাসীর উদ্দেশে। বুঝিয়ে দিয়েছেন, এই ম্যাচকে হয়তো আর মহারণের পর্যায়ে ফেলা যাবে না। প্রশংসা করেছেন ঈশান কিষানের মানসিকতার।


ম্যাচ শেষে সূর্য বলেন, ‘‌এই জয় গোটা ভারতের জন্য। ঠিক যেরকম ক্রিকেট খেলতে চেয়েছিলাম সেরকমই খেলেছি। আমি খুবই খুশি।’‌


মন্থর পিচেও আগ্রাসী ব্যাটিং কীভাবে করতে হয়, সেটা রবিবার দেখিয়েছেন ঈশান। তরুণ ব্যাটারের সাহস দেখে অবাক সূর্যকুমারও। বলেছেন, ‘‌ঈশান এভাবেই ব্যাট করে। গত কয়েকটা ম্যাচে এবং ঘরোয়া ক্রিকেটে ও এভাবেই ব্যাট করে এসেছে। চাপের সময়ে ও বাকিদের চেয়ে অন্যরকম ভেবেছিল। ০/১ অবস্থায় কাউকে দায়িত্ব নিতেই হত। সেই কাজ খুব ভালভাবে পালন করেছে ঈশান। শুধু ওরা নয়, তিলক, শিবম এবং রিঙ্কুও যেভাবে ব্যাট করেছে, তা–ও প্রশংসনীয়।’‌


স্কোরবোর্ডে ১৭৫ তোলার পরেও কি মনে হয়েছিল কম রান উঠেছিল? মানতে চাননি সূর্য। বলেছেন, ‘‌প্রথমে ব্যাট করলে বোঝা মুশকিল যে কত রান তুললে সুবিধা হবে। তবে ১৭৫ রান তোলার পর বুঝেছিলাম, এই মাঠে গড়ের থেকে ১৫–২০ রান বেশি তুলে ফেলেছি। স্কোর ১৫৫ হলে ম্যাচটা আরও হাড্ডাহাড্ডি হত।’‌ 


পাওয়ার প্লে–তেই পাকিস্তানের চারটি উইকেট ফেলে দিয়ে যেভাবে ভারতকে প্রায় ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন, তার জন্য বোলারদের প্রশংসা করেছেন সূর্যকুমার। বলেছেন, ‘‌নতুন বলে হার্দিক ঠিকঠাক দায়িত্ব পালন করেছে। বুমরা আরও একবার দেখিয়ে দিয়েছে কেন ও বিশ্বের সেরা বোলার। সকলের অবদান দেখতে পেয়ে ভাল লেগেছে।’‌ 


এদিকে, সোমবারই আমেদাবাদ পৌঁছবে টিম ইন্ডিয়া। তারপরেই নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে ভাববেন বলে জানিয়েছেন সূর্য।