আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় রাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের রেশ ছড়িয়ে পড়ল কলকাতাতেও। কলম্বোয় বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার পর, বিভিন্ন শহর উৎসবে মাতে। মধ্য রাত পর্যন্ত চলে সেলিব্রেশন। যার রেশ চলে পরেরদিনও।বাদ পড়েনি কলকাতা। সিটি অফ জয়ে চলতি টি-২০ বিশ্বকাপের চতুর্থ ম্যাচ। তারমধ্যে একটিও ভারতের ম্যাচ ছিল না। ইডেনের বাইরে অন্যান্য ম্যাচের মতো ভারতের জার্সি, পতাকা, হেডব্যান্ড বিক্রি হওয়া সত্ত্বেও তেমন আগ্রহ দেখায়নি শহরের ক্রিকেট ভক্তরা। কিন্তু সোমবার সেই ছবি কিছুটা হলেও বদলে যায়। দেদারে বিক্রি হয় টিম ইন্ডিয়ার জার্সি। একইসঙ্গে বিকোয় পতাকা, হেড ব্যান্ড এবং তেরঙ্গার রঙের চুল।
'আই লাভ ইন্ডিয়া' লেখা হেডব্যান্ডে দেখা যায় খুদে ক্রিকেট ভক্তদের। পাকিস্তানের বিরুদ্ধে জয়ে সুপার এইটে চলে গিয়েছে সূর্যকুমার যাদবরা। অর্থাৎ, ইডেনে ভারতের খেলা নিশ্চিত। ১ মার্চ সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় খেলবে টিম ইন্ডিয়া। তার কাউন্টডাউন এদিন থেকেই শুরু হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি বিক্রি বিরাট কোহলির ১৮ নম্বর জার্সির। তারপর রয়েছেন রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন দুই মহাতারকা। তাসত্ত্বেও তাঁদের জার্সির চাহিদা সবচেয়ে বেশি। ঠিক যেমন দেখা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টের সময়।
ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে ইডেন ফিরেছিল ইডেনে। সপ্তাহান্তে ক্রিকেটের নন্দনকাননের গ্যালারি ভরায় প্রায় ৪২ হাজার ক্রিকেটপ্রেমী। ম্যাচ শুরুর দিকে এমন ভরা ইডেনের প্রত্যাশা না করা হলেও, খেলার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গ্যালারি ভরে যায়। জস বাটলার, ফিল সল্টদের মারকুটে ব্যাটিং দেখতে উৎসাহ দেখায় কলকাতার ক্রিকেটপ্রেমীরা। তারওপর দিনটি ছিল ভালবাসার। শীতের বিদায়লগ্নে বান্ধবীর সঙ্গে ইডেনের গ্যালারিতে বসে ভ্যালেন্টাইন্স ডে পালন করার সুযোগ পেলে কেই বা ছাড়ে! তাই চলতি টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শকের সাক্ষী থাকে ইডেন। কিন্তু সপ্তাহের প্রথম দিনও দর্শকসংখ্যা নেহাত কম নয়। ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচে বিকেল চারটে পর্যন্ত কাউন্ট ১৬,৫২৫। আদ্যপান্ত ফুটবলের দেশ। প্রথম ক্রিকেট বিশ্বকাপ। অভিষেক বছরই প্রথম জয়। ইংল্যান্ডকে নাকানিচোবানি খাওয়ানো নেপালকে হারায় ইতালি। প্রথম জয়ের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত ইতালিয়ান ক্রিকেট ফেডারেশনের সভাপতি সিমোনে গাম্বিনো। কলকাতায় ইংল্যান্ড-ইতালি ম্যাচ শুরুর আগে বলেন, 'অংশগ্রহণে প্রথম জয় পেয়ে স্বাভাবিকভাবেই দারুণ লাগছে।' একইসঙ্গে ইডেনে স্কটল্যান্ড ম্যাচ হারের আফশোস করেন।
