আজকাল ওয়েবডেস্ক: টস জিতে বোলিং নেওয়াটাই কাল হল পাকিস্তানের? ম্যাচ শেষে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে পরে ব্যাট করা কঠিন, সেখানে কোন পরিকল্পনায় আগে বল করার সিদ্ধান্ত নিলেন সলমন আলি আঘা? এদিকে, ম্যাচ হারার পর ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের কোচ মাইক হেসন ও অধিনায়ক সলমন।
খেলা শেষে সলমন জানিয়েছেন, ভারত অপেক্ষাকৃত কঠিন পিচে ব্যাট করেছে। তাঁরা যখন বল করেছেন তখন উইকেটে ঘূর্ণি বেশি ছিল। তিনি বলেন, ‘প্রথম ইনিংসে পিচ অনেক কঠিন ছিল। সেখানে আমাদের ভাল বল করা উচিত ছিল। কিন্তু আমাদের স্পিনাররা সেটা পারেনি। ওরা ভাল ব্যাট করেছে। দ্বিতীয় ইনিংসে এই পিচে ব্যাট করা তুলনামূলকভাবে সহজ ছিল। প্রথম ইনিংসে যা ঘূর্ণি ছিল তার ২৫ শতাংশও দ্বিতীয় ইনিংসে ছিল না। কিন্তু আমরা পারলাম না। চাপ সামলাতে পারলাম না।’
কোচ হেসন আবার জানিয়েছেন, ঈশান কিষানের ইনিংস হারিয়ে দিয়েছে তাঁদের। তিনি বলেন, ‘ঈশান যেভাবে খেলল, তাতে খেলা আমাদের হাত থেকে বেরিয়ে গেল। পিচ থেকে আমরা যা সাহায্য পেয়েছি তার ২৫ শতাংশ পেয়েছে ভারত। ওদের বাকি ব্যাটারদের লড়াই করতে হয়েছে। কিন্তু ঈশান অন্য রকম ক্রিকেট খেলেছে।’
টস জিতে আগে বল করার সিদ্ধান্তের নেপথ্য কারণও ব্যাখ্যা করেছেন কোচ। হেসন বলেন, ‘দেখুন, প্রথম ইনিংসে বল যা ঘুরেছে, দ্বিতীয় ইনিংসে তার অর্ধেকও ঘোরেনি। তাই প্রথমে বল করার সিদ্ধান্ত ভুল ছিল না। বিশেষ করে আমাদের স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। পরের দিকে পিচ মন্থর হয়নি। পাশাপাশি ঘূর্ণিও কমে গিয়েছিল। কিন্তু আমরা ভাল খেলতে পারিনি। ঈশান যা খেলেছে তার ধারেকাছেও আমাদের কেউ যেতে পারেনি।’
কোচ ও অধিনায়ক দু’জনেই হারের জন্য দায়ী করেছেন দলের ক্রিকেটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংকে। তাঁদের মতে, কঠিন পরিস্থিতিতে একটু বুদ্ধি করে খেলতে পারলে তাঁরা জিততে পারতেন। কিন্তু পাওয়ার প্লে–র মধ্যে ৪ উইকেট পড়ে যাওয়ার পর আর পারেননি। পিচের জুজু বা টস জিতে প্রথমে বল করার জন্য তাঁরা হারেননি।
