আজকাল ওয়েবডেস্ক: ভারতের কাছে ম্যাচ মানেই হার। এবার কলম্বোতেও হার। যা একেবারেই মেনে নিতে পারছেন না শাহিদ আফ্রিদি। কলম্বোর গুরুত্বপূর্ণ ম্যাচে দু’ওভার বল করে ৩১ রান দিয়েছেন শাহিন আফ্রিদি। ঘটনাচক্রে শাহিন ও শাহিদের সম্পর্ক জামাই–শ্বশুরের। সেই জামাইকেই এবার দল থেকে বাদ দেওয়ার কথা বললেন শ্বশুর। জানিয়ে দিলেন, তাঁর হাতে ক্ষমতা থাকলে শাহিনকে ছাঁটাই করতেন তিনি।
আফ্রিদির মতে, দলের সিনিয়র ক্রিকেটারদের হারের দায় নিতে হবে। বার বার একই ক্রিকেটারদের উপর ভরসা দেখানোর মানে নেই। সেটা নির্বাচকদের বুঝতে হবে। আফ্রিদি বলেন, ‘যদি আমার হাতে ক্ষমতা থাকত তাহলে শাহিন, বাবর ও শাদাবকে বাদ দিয়ে দিতাম। ওদের বদলে নতুনদের সুযোগ দিতাম। এরা তো বছরের পর বছর খেলছে। এখনও ভারতকে হারাতে পারল না। তাহলে কেন ওদেরই খেলিয়ে যাব। আমার মনে হয়, নামিবিয়া ম্যাচেই এই তিন জনকে বসিয়ে দেওয়া উচিত।’
দলকে জেতাতে না পারলে সিনিয়র ক্রিকেটারদেরও খেলার অধিকার নেই বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, ‘এত দিন ধরে এরা খেলছে। এখনও জানে না, কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়। এখনও দায়িত্ব নিয়ে খেলতে পারে না। সিনিয়র হিসাবে ওরা কী করছে? তাহলে কোন যোগ্যতায় ওরা খেলবে? ওদের এখনই বাদ দেওয়া উচিত।’
এটা ঘটনা, অতীতে একাধিকবার শাহিন পাশে পেয়েছেন শাহিদকে। কঠিন সময়ে শাহিনের উপর ভরসা দেখিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে শাহিন যে পাকিস্তানের বড় অস্ত্র, সেই দাবি বার বার করেছেন। কিন্তু রবিবারের হারের পর আর জামাইয়ের হয়ে কথা বলতে পারছেন না তিনি।
হারের পর নিজেদের দেশেই সমালোচনার মুখে পাকিস্তানের ক্রিকেটারেরা। পাশাপাশি আক্রমণ করা হচ্ছে মহসিন নকভিকেও। রবিবার পুরো ম্যাচ মাঠে থাকেননি নকভি। পাকিস্তানের ৫ উইকেট পড়ার পরেই মাঠ ছেড়ে পালিয়ে যান তিনি। ফলে আরও সমালোচনার মুখে পড়েছেন নকভি। প্রবল চাপ রয়েছে নকভির উপর।
