আজকাল ওয়েবডেস্ক: নামিবিয়া ম্যাচের আগে পেটের সংক্রমণ নিয়ে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিষেক শর্মা। বুধবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে বৃহস্পতিবারের ম্যাচে তিনি খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
এই পরিস্থিতিতে, টিম ইন্ডিয়ার অন্দর থেকে অভিষেক শর্মার অসুস্থতা নিয়ে বিস্ফোরক খবর প্রকাশ্যে এসেছে। অভিষেকের পেটে সংক্রমণ হয়েছিল। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই সমস্যায় ভুগছিলেন। ম্যাচের পর পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বরের জন্য উচ্চ তাপমাত্রা ছিল এবং তাৎক্ষণিক উপশমের জন্য ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সমস্যা কমেনি। দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি। এসবের মধ্যেই সোমবার রাতে কোচের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন অভিষেক।
আসলে এই মুহূর্তে টিম ইন্ডিয়া গম্ভীরের শহর দিল্লিতে। স্বাভাবিকভাবেই টিমকে আমন্ত্রণ জানান তিনি। কিন্তু প্রশ্ন হল, অসুস্থ অভিষেককেও কেন কোচের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হল? জানা গিয়েছে, সোমবার গম্ভীরের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেও পুরো সময়টা পার্টিতে ছিলেন না তিনি। কিছুক্ষণ পরই বেরিয়ে এসে টিম বাসে বসে থাকতে দেখা যায় তাঁকে। সেসময় তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ অস্বস্তিতে রয়েছেন তিনি। অথচ গোটা টিম না আসায় হোটেলেও ফিরতে পারেননি। সেটা নিয়েও প্রশ্ন উঠছে।
অনেকেই মনে করছেন, শারীরিকভাবে সুস্থ না হওয়া সত্ত্বেও একপ্রকার বাধ্য হয়েই কোচের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হয় অভিষেককে। কারণ, বর্তমানে টিম ইন্ডিয়ায় টিকে থাকতে হলে কোচের মন রাখা জরুরি। তাছাড়া বিসিসিআই টিম বন্ডিংয়ের নামে রীতিমতো কড়া নির্দেশিকাও দিয়ে রেখেছে। এই ধরনের নিমন্ত্রণ রক্ষা বা কোনও পার্টিতে গোটা দলকে একসঙ্গে টিম বাসে যাতায়াত করতে হয়। তরুণ অভিষেক সেই নিয়ম ভাঙার সাহস দেখাননি। যার মূল্য তাঁকে চোকাতে হল অসুস্থতা দিয়ে। তিনি বৃহস্পতিবার খেলতে না পারলে এই নিয়ে বিতর্ক আরও বাড়বে।
এদিকে, বৃহস্পতিবার নামিবিয়া ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে জোড়া বদল হতে পারে। অভিষেক না পারলে তাঁর জায়গায় খেলবেন সঞ্জু। আর কিষান না পারলে তাঁর জায়গায় কে খেলবেন তা এখনও নির্দিষ্ট নয়। কিষান না পারলে ওপেনিং স্লট ঘেঁটে যেতে পারে। তবে তিনে আসবেন তিলক। চারে অধিনায়ক সূর্য। পাঁচ থেকে সাতে রিঙ্কু, হার্দিক ও শিবম দুবে। আটে নামবেন অক্ষর। স্পিনার হিসেবে থাকবেন বরুণ। দুই পেসার সম্ভবত বুমরা ও সিরাজ। আগের ম্যাচে অর্শদীপ খেলেছিলেন বুমরার জায়গায়। কিন্তু নামিবিয়া ম্যাচে বুমরা ফিরবেন। সেক্ষেত্রে অর্শদীপকে বসতে হতে পারে। সিরাজ আমেরিকা ম্যাচে তিন উইকেট পাওয়ায় তাঁকে খেলাতে চাইছেন গম্ভীর।
















