আজকাল ওয়েবডেস্ক: ব্যাটিংই চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার। অভিষেক রানে নেই। ঈশানও ব্যর্থ হয়েছেন প্রোটিয়া ম্যাচে। সূর্যও রান পাননি।
বৃহস্পতিবার ভারতের সামনে জিম্বাবোয়ে। খেলা চেন্নাইয়ে। এটা ঘটনা,আমেদাবাদে কালো মাটির মন্থর পিচে সমস্যা হয়েছে ভারতীয় ব্যাটারদের। তবে চেন্নাইয়ের উইকেট ভারতীয় ব্যাটারদের মুখে হাসি ফেরাতে পারে।
এটা ঘটনা, চেন্নাইয়ের চিপকে সাধারণত ধীরগতির উইকেট হয়। আইপিএলে বার বার সেটা দেখা গিয়েছে। স্পিনাররা দাপট দেখান। বছরের পর বছর পিচ কাজে লাগিয়ে সফল হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সেই হিসাবে বৃহস্পতিবার সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানিদের সুবিধা হওয়ার কথা। কিন্তু পিচ প্রস্তুতকারক জানিয়েছেন, তেমনটা হওয়ার সম্ভাবনা এবার নেই।
বিশ্বকাপের আগে চিপক স্টেডিয়ামের পিচ বদলানো হয়েছে। গত ছ’মাসে সেখানে তেমন খেলাই হয়নি। ফলে সেখানে এখন তরতাজা পিচ। তাতে ব্যাটাররা সুবিধা পাবেন বলেই জানিয়েছেন পিচ প্রস্তুতকারক। ব্যাটে ভাল ভাবেই বল আসবে। রান উঠবে। ভারতীয় ব্যাটাররা সাধারণত এই ধরনের পিচই পছন্দ করে থাকেন। চিপকে সেটাই পাবেন তাঁরা।
প্রসঙ্গত, এই মাঠে চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ১৭.৫ ওভারে ১৮২ রান তাড়া করে জিতেছে নিউজিল্যান্ড। এই মাঠেই কানাডার বিরুদ্ধে ১৫.১ ওভারে ১৭৬ রান তাড়া করেছে নিউজিল্যান্ড।
ভারত–জিম্বাবোয়ে ম্যাচের জন্য নতুন উইকেট ব্যবহার হবে বলেই জানিয়েছেন পিচ প্রস্তুতকারক। এখনও পর্যন্ত সেখানকার উইকেট পাটা দেখিয়েছে। বোলারদের জন্য বিশেষ সুবিধা নেই। দুই ইনিংসেই রান উঠছে। বৃহস্পতিবারও সেই ছবিই দেখা যেতে পারে। ফলে বিশ্বকাপে প্রথম বার পছন্দের পিচে খেলতে পারেন সূর্যরা।
যা পরিস্থিতি, তাতে বাকি দুই ম্যাচেই এখন জিততে হবে ভারতকে। তারপর বাকি সমীকরণ।
