আজকাল ওয়েবডেস্ক: অভিষেক শর্মার খারাপ ফর্মের জন্য এবার নিশানা করা হল তাঁর বোনকে। সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে কোমল শর্মাকে। টি-২০ ব়্যাঙ্কিংয়ে একনম্বর ব্যাটার হিসেবে বিশ্বকাপ‌ যাত্রা শুরু হয় বাঁ হাতি ওপেনারের। কিন্তু তিন ম্যাচের তিনটিতেই শূন্য। এখনও রানের খাতাই খুলতে পারেননি অভিষেক। বরং করেন লজ্জার হ্যাটট্রিক। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে শূন্য করেন। পেটের সংক্রমণের জন্য খেলতে পারেননি নামিবিয়া ম্যাচ। তারপর পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধেও একই পরিণতি। রবিবার সুপার এইট পর্ব শুরু টিম ইন্ডিয়ার। শুরুতেই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তার আগে চর্চায় অভিষেকের ফর্ম।

সুপার এইটের ম্যাচের আগে বাঁ হাতি ওপেনারের ফর্ম নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। এবার এই নিয়ে কাঁটাছেঁড়া চলছে এক্স হ্যান্ডেলে। অভিষেকের ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে তাঁর বোন কোমলকে। ভারতের ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে তাঁকে। ক্রিকেট ভক্তরা মনে করছে, বোনের উপস্থিতিতে মনোযোগে ঘাটতি হচ্ছে অভিষেকের। একজন লেখেন, 'অভিষেকের পতনের জন্য দায়ী ওর বোন। যখনই অভিষেক মাঠে নামে, ওর বোন গ্যালারিতে নজর কাড়ে। ও বাচ্চা নয়। বাকিদেরও বোন আছে। কিন্তু ওরা এরকম করে না।' 

আরেকজন লেখেন, 'অভিষেক শর্মা এবং ওর বোন এই বিশ্বকাপের দুই অপরাধী। ওর এটা প্রাপ্য।' বিসিসিআইয়ের নির্দেশিকায় ক্রিকেটারদের পরিবারের ম্যাচ দেখার ওপর কোনও নিষেধাজ্ঞা জারি নেই। বিশেষ করে হোম টুর্নামেন্টে। ভারতের অধিকাংশ ম্যাচই ঘরের মাঠে। সেখানে পরিবারের থাকা অপরাধ নয়। তাই কোনওভাবেই অভিষেকের বোনকে ট্রোল করা যায় না। অভিষেকের বোন একজন ফিজিওথেরাপিস্ট। প্রায় প্রত্যেক ম্যাচেই গ্যালারিতে দেখা যায় তাঁকে। ভাইয়ের জন্য গলা ফাটান। এমনকী আইপিএলের ম্যাচেও থাকেন তিনি। 

টি-২০ বিশ্বকাপে লজ্জার রেকর্ড অভিষেক শর্মার। বিশ্বমঞ্চে শূন্যের হ্যাটট্রিক। প্রথম রানের জন্য অপেক্ষা দীর্ঘায়িত হল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের বিরুদ্ধে শূন্যের পর আহমেদাবাদে নেদারল্যান্ডের বিরুদ্ধেও খাতা খুলতে ব্যর্থ। আবারও শূন্যতে ফেরেন। প্রথম ওভারের তৃতীয় বলে আউট হন। আরিয়ান দত্তের বলে পুল মারতে গিয়ে স্ট্যাম্পে লাগে। ভাগ্য বলদাতে নিজের জার্সির বদলে মহম্মদ সিরাজের জার্সি পরে নামেন অভিষেক। কিন্তু ভাগ্য ফেরাতে পারেননি। তৃতীয় শূন্য করার সঙ্গে সঙ্গেই লজ্জার রেকর্ড গড়ে ফেলেন। টি-২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড অভিষেকের। আশিস নেহরার সঙ্গে যৌথভাবে এই জায়গায় ভারতের বাঁ হাতি ওপেনার।