আজকাল ওয়েবডেস্ক: শাদাব খানকে একহাত নিলেন শহিদ আফ্রিদি। পাকিস্তানের অলরাউন্ডারের পোস্ট ম্যাচ কমেন্টের কটাক্ষ করেন প্রাক্তন অধিনায়ক। সাফল্য সামলানোর চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেন। শাদাব বলেছিলেন, বিশ্বকাপে ভারতকে হারাতে হিমশিম খেয়েছে পাকিস্তানের প্রাক্তনরা, ২০১২ সালে সেটা করে দেখিয়েছিল শাদাবের দল। নামিবিয়ার বিরুদ্ধে ১০২ রানে জয়ের পর ভারত ম্যাচে হার নিয়ে প্রশ্ন করা হয় ২৭ বছরের পাক তারকাকে। তাই উত্তরে ২০২১ বিশ্বকাপের কথা মনে করিয়ে দেন শাদাব। সেবার ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সেই দলের অঙ্গ ছিলেন তিনি।
কলম্বোয় ভারতের কাছে হারের পর শাহিদ আফ্রিদি এবং মহম্মদ ইউসুফ বাবর আজম, শাহিন আফ্রিদি এবং শাদাব খানকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেয়। তাঁদের বদলে তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে তাঁরা। কিন্তু নামিবিয়ার বিরুদ্ধে জিতে সুপার এইটে জায়গা অর্জন করে নেয় পাকিস্তান। ৩৫ করার পাশাপাশি তিন উইকেট তুলে নেন শাদাব। কিন্তু ম্যাচ শেষে তাঁর মন্তব্য বিতর্ক সৃষ্টি করে। সেই প্রসঙ্গে আফ্রিদি বলেন, 'শাদাব ঠিক কথাই বলেছে, আমরা বিশ্বকাপে ভারতকে হারাতে পারিনি, ওর দল পেরেছে। তারপর ওরা সম্মান পেয়েছিল। কিন্তু তার মান রাখতে পারেনি। ভারতকে হারানোর পর নিজেদের মধ্যে সমস্যা সামলাতে পারেনি। ও যখন খেলতে পারছিল না, আমরা টিভিতে ওকে সমর্থন করেছি। বলা হয়, ও দলের মেরুদণ্ড। আমি শাদাবকে চিনি। ও ভাল ছেলে। ও সবসময় আমাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলে। তবে আমরা শুধু ছোট দলগুলোর বিরুদ্ধে নয়, বড় দলগুলোকেও হারিয়েছি। '
সুপার এইটে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রাক্তন অধিনায়ক। আফ্রিদি বলেন, 'তুমি পারফরমেন্স দেখাও। তোমার খারাপ সময় আমরা পাশে ছিলাম। তুমি ঘরোয়া ক্রিকেট না খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছ। আমাদের উত্তর দিতে হলে, সেটা মাঠে দাও। বিশ্বকাপে পারফর্ম করে দেখাও। তবে আমরা চুপ করব।' শনিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার এইটে যাত্রা শুরু পাকিস্তানের।
