আজকাল ওয়েবডেস্ক:‌ গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতেই জয়। সুপার এইটে উঠেছে ভারত। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ। প্রোটিয়ারাও গ্রুপ পর্বে ছিল অপরাজিত। শুক্রবার থেকে এই ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। প্রস্তুতি শুরুর আগে সূর্যদের উদ্বুদ্ধ করলেন তিন শূন্য করা অভিষেক শর্মা।


ভারতীয় দলের প্রস্তুতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে দেখা গিয়েছে, অনুশীলন শুরুর আগে দলকে উদ্বুদ্ধ করছেন অভিষেক। অনুশীলন শুরুর আগে টিম হার্ডলে (গোল করে পরস্পরের কাঁধে হাত দিয়ে দাঁড়ানো) বক্তব্য রাখছেন অভিষেক। তাঁর ডান দিকে শিবম দুবে এবং বাঁ দিকে ঈশান কিষান। খুব বেশি কথা অভিষেক বলেননি। তিনি বলা শুরু করতেই মুখ টিপে হাসতে শুরু করেন ঈশান। একাধিকবার হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করতেও দেখা যায় তাঁকে। অভিষেকের ‘পেপ টক’ শেষ হওয়ার পর অবশ্য সূর্যদের সকলকেই হাসতে দেখা গিয়েছে।


টি–২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত রান করতে পারেননি অভিষেক। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে। খেলেছেন সব মিলিয়ে আটটি বল। তরুণ ওপেনারের ফর্ম নিয়ে চিন্তায় গৌতম গম্ভীররা। তবু তার উপর দলের ভরসা যে এখনও অটুট, তা বুঝিয়ে দিয়েছে দলের অনুশীলন শুরুর আগের কয়েক মিনিট। হয়তো ফর্মে না থাকা ব্যাটারকে এভাবেই উৎসাহিত করতে চেয়েছেন গম্ভীররা।


যদিও ক্রিকেটপ্রেমীদের একাংশ রসিকতা করে বলেছেন, যিনি নিজেই শূন্যের হ্যাটট্রিক করে ফেলেছেন, তিনি কীভাবে সতীর্থদের তাতাবেন সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ পর্বের আগে। 

এদিকে, সুপার এইট পর্বে আম্পায়ারদের তালিকা প্রকাশ করল আইসিসি।


রবিবার আমেদাবাদে টি–২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে আম্পায়ার থাকবেন রিচার্ড কেটলবরো এবং ক্রিস গ্যাফনি। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন।

১ মার্চ কলকাতায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সুপার এইট পর্বের শেষ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গ্যাফনি ও ওয়ার্ফ। সুপার এইট পর্বে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রঞ্জন মধুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগল শ্রীনাথ।