আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে গোহারান হেরেছে পাকিস্তান। আর সেই হারের জ্বালা সহ্য করতে না পেরে নিজের টেলিভিশন সেটটিই ভেঙে ফেললেন এক পাক সমর্থক। ওয়াকার আজম নামে ওই ব্যক্তির টিভি ভাঙার ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল।

ফেসবুকে সেই ভিডিও পোস্ট করে ওয়াকার লিখেছেন, "ভারত আবার হারিয়ে দিল আমাদের। রাগের মাথায় নিজের টিভিটাই ভেঙে ফেললাম।" ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ফাঁকা ঘরে রাখা টিভির ওপর ক্রিকেট ব্যাট দিয়ে সজোরে আঘাত করছেন তিনি। একবার নয়, টিভিটি উল্টেপাল্টে বারবার ব্যাট দিয়ে পিটিয়ে সেটিকে চুরমার করে দেন তিনি।

শুধু ওয়াকার নন, হারের পর ক্ষোভ উগরে দিয়েছেন অন্য পাক সমর্থকরাও। কলম্বোর মাঠে দাঁড়িয়ে এক পাকিস্তানি ভক্ত সংবাদসংস্থাকে বলেন, "এটা এখন আমাদের কাছে অভ্যেস হয়ে গিয়েছে। ভেবেছিলাম অন্তত লড়াই হবে, কিন্তু বুমরাহ-হার্দিকদের সামনে আমাদের ব্যাটারদের কোনও উত্তর নেই। ভারতীয় দল যে আমাদের চেয়ে অনেক এগিয়ে, সেটা মেনে নেওয়াই ভালো।"

রবিবার কলম্বোয় টসে জিতে প্রথমে ব্যাট করে ঈশান কিশানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে বড় রান তোলে ভারত। পরে ভারতীয় বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। শেষ পর্যন্ত ৬১ রানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের লড়াইয়ে ৮-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

এই মুহূর্তে তিন ম্যাচে তিনটিতেই জিতে গ্রুপ ‘এ’-র মগডালে ভারত। তালিকায় দু’নম্বরে রয়েছে আমেরিকা। আর হারের মুখ দেখে তিন নম্বরে নেমে গিয়েছে পাকিস্তান।