আজকাল ওয়েবডেস্ক: রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ফিল্ডিং করতে নামার আগে সতীর্থদের বিশেষ নির্দেশ দিয়েছিলেন সূর্যকুমার যাদব।
পাকিস্তানের ব্যাটারদের উদ্দেশে স্লেজিং না করতে সতীর্থদের নির্দেশ দেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এই হাইভোল্টেজ ম্যাচে ভারত আবারও আধিপত্য দেখিয়ে পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করে।
বিসিসিআইয়ের একটি ভিডিওতে দেখা যায়, সূর্যকুমার সতীর্থদের স্পষ্ট বার্তা দিচ্ছেন, মাঠে কোনওরকম কথার লড়াই নয়, শুধুই দক্ষতার ওপর ভরসা রাখতে হবে।
মানসিক ভাবে খেলায় না জড়িয়ে ব্যাট ও বলের মাধ্যমেই যেন ভারতীয়রা সমস্ত জবাব দেন, এমনটাই চান তিনি। ভিডিওতে সূর্যকুমারকে বলতে শোনা যায়, ‘ওভারগুলোর মাঝে দৌড়তে থাকো। কাউকে কিছু বলবে না, আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। দক্ষতার জোরেই আমরা এই ম্যাচ জিতব।’
উল্লেখ্য, এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে আগে থেকেই একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান ম্যাচ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছিল। যদিও পরে আইসিসির হস্তক্ষেপে তারা সিদ্ধান্ত বদলায়।
এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ‘নো-হ্যান্ডশেক’ নীতি বজায় রাখলেও মাঠে আর কোনও উত্তেজনা দেখা যায়নি। দুই দলের কোনও খেলোয়াড়ই কথার লড়াইয়ে জড়াননি, ফলে বিতর্ক ছাড়াই ম্যাচ শেষ হয়।
ভারতের কাছে ৬১ রানের দাপুটে জয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন পেসার শোয়েব আখতার।
তিনি বলেন, একদিকে সূর্যকুমার যাদবের ভারত যেমন শিরোপা ধরে রাখার লক্ষ্যে খেলছে অন্যদিকে পাকিস্তান কার্যত আত্মসমর্পণ করেছে। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচে জয়ের ফলে ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টিতে হেড টু হেড বর্তমানে ৮–১।
তিনি এই মন্তব্য করেন সংবাদমাধ্যম এবিপি নিউজে। এখানেই থামেননি আখতার। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি-র কড়া সমালোচনা করে বলেন, ‘যিনি কিছুই জানেন না, তাঁকেই বোর্ডের চেয়ারম্যান বানানো হয়েছে। তাহলে দল চলবে কীভাবে?’
নাম না করে বাবর আজমকে আক্রমণ করে শোয়েব বলেন, ‘এমন একজন খেলোয়াড়কে সুপারস্টার বানানো হয়েছে, যার ম্যাচ জেতানোর ক্ষমতা তো দূর, বড় ইনিংস চাপের মুখে খেলতে পারে না। অযোগ্য মানুষকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়াই সবচেয়ে বড় অপরাধ।’
পরবর্তীতে আখতার নকভিকে ‘অযোগ্য’ ও অশিক্ষিত’ বলেও কটাক্ষ করেন। তিনি দাবি করেন, নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়ার যোগ্য নন।
