আজকাল ওয়েবডেস্ক: ইডেনে বিশ্বকাপ যাত্রা শুরু করায় তাঁদের কিছুটা সুবিধা হয়েছে, জয়ের পর জানিয়ে দিলেন সাই হোপ। ক্রিকেটের নন্দনকাননে শেষবার টি-২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই পয়া মাঠে প্রথম ম্যাচ তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে পাশাপাশি ক্যারিবিয়ান অধিনায়ক জানিয়ে দিলেন, সব ভেন্যুতেই খেলার জন্য তৈরি তাঁরা। সাই হোপ বলেন, 'অবশ্যই ইডেনে প্রথম ম্যাচ আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিন্তু আমাদের একাধিক ভেন্যুতে খেলতে হবে। যদিও পরিকল্পনা একই থাকবে। জায়গার ওপর নির্ভর করে প্ল্যানে কিছুটা অদলবদল হতে পারে। তবে এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।' 

শিমরন হেটমেয়ারের প্রশংসায় পঞ্চমুখ হোপ। জানান, বরাবরই প্রতিভাবান। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারতেন না। ধারাবাহিকতার অভাব ছিল। এবার নিজের কাঁধে বাড়তি দায়িত্ব তুলে নেন বাঁ হাতি। হোপ বলেন, 'হেটমেয়ার দারুণ ফর্মে ছিল। শেষ চার ইনিংসে ধারাবাহিকতা দেখায়। তাই ওকে তিন নম্বরে ব্যাট করতে বলা হয়। সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আশা করছি, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ও খুবই ভাল প্লেয়ার। কিন্তু নিজের প্রতিভা অনুযায়ী মেলে ধরতে পারেনি। এবার চ্যালেঞ্জ গ্রহণ করে। ওকে এইভাবে খেলতে দেখে ভাল লাগছে। প্রথম যখন এসেছিল, তখনই বিপজ্জনক ছিল। অভিজ্ঞতার সঙ্গে আরও উন্নতি করছে।' 

ম্যাচের শেষলগ্নে হ্যাটট্রিক করেন রোমারিও শেফার্ড। তাঁর ওপর দল যে অনেকটাই নির্ভরশীল, সেটা জানান ক্যারিবিয়ান অধিনায়ক। হোপ বলেন, 'বোলিং অলরাউন্ডার হিসেবে এসেছিল। সেখান থেকে নিজের খেলা পাল্টে ফেলে। বর্তমানে বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার। ব্যাট এবং বলে সমান পারদর্শী। দলকে সাহায্য করার জন্য সবসময় তৈরি থাকে। শেষ কয়েকটা সিরিজে ভাল বল করছে। বিশেষ করে মাঝের ওভারগুলোতে।' জৌলুশ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। ধারাবাহিকতার অভাব রয়েছে। অতীতে যা একাধিকবার প্রমাণিত হয়েছে। তবে অতীত নিয়ে ভাবতে চায় না ক্যারিবিয়ান শিবির। লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া। হোপ জানান, ম্যাচ প্রতি এগোতে চান। ফোকাস ছিল বিশ্বকাপের শুরুটা ভালভাবে করা। অতীত ভুলে সামনের দিকে এগোতে চায় দু'বারের চ্যাম্পিয়নরা।