আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে লজ্জার রেকর্ড অভিষেক শর্মার। বিশ্বমঞ্চে শূন্যের হ্যাটট্রিক। প্রথম রানের জন্য অপেক্ষা দীর্ঘায়িত হল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের বিরুদ্ধে শূন্যের পর বুধবার আহমেদাবাদে নেদারল্যান্ডের বিরুদ্ধেও খাতা খুলতে ব্যর্থ। আবারও শূন্যতে ফিরলেন। প্রথম ওভারের তৃতীয় বলে আউট হন। আরিয়ান দত্তের বলে পুল মারতে গিয়ে স্ট্যাম্পে লাগে। এদিন ভাগ্য বলদাতে নিজের জার্সির বদলে মহম্মদ সিরাজের জার্সি পরে নামেন অভিষেক। কিন্তু ভাগ্য ফেরাতে পারেননি। তৃতীয় শূন্য করার সঙ্গে সঙ্গেই লজ্জার রেকর্ড গড়ে ফেললেন। টি-২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড অভিষেকের। আশিস নেহরার সঙ্গে যৌথভাবে এই জায়গায় ভারতের বাঁ হাতি ওপেনার।
এই তালিকায় এক নম্বরে পাকিস্তানের শাহিদ আফ্রিদি এবং তিলকরত্নে দিলশান। দু'জনেরই বিশ্বকাপে পাঁচ শূন্যের রেকর্ড। টি-২০ তে ৩৪টি ম্যাচ খেলেছেন আফ্রিদি। দিলশান খেলেন ৩৫টি ম্যাচ। নেদারল্যান্ড ম্যাচের আগে অভিষেকের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিলেন সুনীল গাভাসকর। শুরুতেই এক রান নেওয়ায় পরামর্শ দেন। গাভাসকর বলেন, 'প্রথমেই এক রান নেওয়ার পরামর্শ দেব অভিষেককে। তারপর মারা শুরু করতে পারো। তবে প্রথমেই এক রান নিয়ে খাতা খোলো। তারপর যা করার করো। এটা আত্মবিশ্বাস দেবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একশো করেছিল। তারমানে ও ফর্মে আছে। তারই ফায়দা তুলতে চাইছে। তবে আমি বলব, প্রথম রানটা গুরুত্বপূর্ণ। তারপর নিজের চিরাচরিত ছন্দে ফিরে আসতে পারে।'
টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচেই অবাঞ্ছিত রেকর্ড অভিষেকের। রবিবার চার বলে শূন্য রানে আউট হন বাঁ হাতি ওপেনার। মাত্র ৪ বল ক্রিজে টেকেন। প্রথম ওভারেই সলমন আঘার বলে আউট হন। মিড অনে ক্যাচ নেন শাহিন শাহ আফ্রিদি। চলতি টি-২০ বিশ্বকাপে এখনও এক রানও করেননি অভিষেক। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচেও শূন্য রানে ফেরেন। টি-২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় প্লেয়ার হিসেবে প্রথম দুই ম্যাচে পরপর শূন্য রানে আউট হন। বাংলাদেশের ইমরুল কায়েস এবং আশিস নেহরার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় যোগ দেন অভিষেক।
