আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। ফলে গ্রুপে তারা পাবে তিনটি ম্যাচ। এবার যদি কোনও ম্যাচ তারা হেরে যায় বা বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে সুপার এইটে ওঠার অঙ্ক কঠিন হয়ে যাবে পাকিস্তানের।


পাকিস্তান তাদের গ্রুপের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয়। এদিকে, সেখানকার আবহাওয়া দপ্তর বলছে, শনিবার সারাদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলম্বোয়।


আকুওয়েদারের রিপোর্ট বলছে, খেলা শুরুর সময় অর্থাৎ সকাল এগারোটায় কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৫ শতাংশ। দুপুর ১২টায় তা বেড়ে হবে ৮ শতাংশ। দুপুর একটায় তা বেড়ে হবে ৬০ শতাংশ। দুপুর দুটোয় আরও বেড়ে হবে ৬৮ শতাংশ। দুপুর তিনটেয় আবার বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। আর বিকেল চারটেয় বৃষ্টির সম্ভাবনা ৩০ শতাংশ।


তবে শনিবার সকালে কলম্বোয় রোদ উঠেছে। হাওয়া দপ্তরের মতে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।
এদিকে, আইসল্যান্ড ক্রিকেট বোর্ড ফের কটাক্ষ করেছে পাকিস্তানকে। তারা দাবি করেছে, ইতিহাস গড়ে মাত্র ৩ ঘণ্টার মধ্যে এবারের টি–২০ বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে পাক দল।


আইসল্যান্ড ক্রিকেটের এক্স পোস্টে বলা হয়েছে, ‘‌যদি কোনওভাবে বিশ্বকাপের প্রথম ম্যাচে ডাচরা পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে টুর্নামেন্ট শুরুর মাত্র ৩ ঘণ্টার মধ্যে বিশ্বকাপ থেকে পাকিস্তানের ছিটকে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে। আর সেটা ইতিহাস হবে।’‌ কিন্তু কীভাবে? এটা ঘটনা, এমনিতেই পাকিস্তান সরকার ঘোষণা করে দিয়েছে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে তারা খেলবে না। আবার ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তারা ঠিক সময়মতো শ্রীলঙ্কায় যাবে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল মাঠেও নামবে। সাংবাদিক সম্মেলন, অনুশীলন, টস–যা যা করতে হয় সবই করবে। কিন্তু শেষ পর্যন্ত যদি টসের সময় পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা না পৌঁছন, তাহলে ওয়াকওভার পেয়ে যাবে ভারত।


বিষয়টা হল, টুর্নামেন্টে নামার আগেই এক ম্যাচ হেরে বসে আছে পাকিস্তান। আবার তাঁদের নেট রান রেটও ভয়ঙ্কর। কারণ ভারতের ম্যাচ বয়কট করলে ধরে নেওয়া হবে ২০ ওভার থাকতেই ম্যাচ হেরেছে পাকিস্তান। সেক্ষেত্রে একটা দল ১১৯ বলে হারলে যে বিরাট ধাক্কা নেট রান রেটে খাওয়ার কথা, সেটাই পাকিস্তান খাবে। এরপর যদি নেদারল্যান্ডসের বিরুদ্ধেও পাকিস্তান হেরে যায়, তাহলে তাঁদের কার্যত দুই ম্যাচে পয়েন্ট দাঁড়াবে ০। এবং নেট রান রেট অনেকটা নেগেটিভ। সেক্ষেত্রে বাকি দুই ম্যাচ জিতলেও পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে। আর এখন শোনা যাচ্ছে কলম্বোয় শনিবার রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। ম্যাচ ভেস্তে গেলে চাপ বাড়বে পাকিস্তানের উপর।